লক্ষ্মীপুরে ৫ কলেজের পাশ করেনি কেউ : জেলায় পাসের হার ৪১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন
এইচএসসি ও সমমানের পরীক্ষার ২০২৬ সালের ফলাফলে লক্ষ্মীপুর জেলার ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া মোট ১৯জন শিক্ষার্থীর সবাই ফেল করেছেন।
এই বছর লক্ষ্মীপুর জেলায় এইচএসসিতে পাশের হার ৪১.২৯%, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন, মোট পরীক্ষার্থী ৮৭৭৭ জন, কৃতকার্য হয়েছে ৩৬২৪ জন ও অকৃতকার্য হয়েছে ৫১৫৩ জন শিক্ষার্থী।
আরও পড়ুন: নিউ মার্কেটের ফুটপাত দখলমুক্ত করে গাছ লাগালো ডিএসসিসি
২০২৬ এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে জানা যায়, জেলা ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফজুমিয়ার হাট হাইস্কুল এন্ড কলেজের ৭ জন, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ৬ জন, বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ উদ্দিন আলোকিত কলেজের ৩ জন, তোরাবগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের ২ জন ও ক্যামব্রিজ সিটি কলেজের ১ জনসহ মোট ১৯ জন শিক্ষার্থীর কেউই পাশ করেনি।
এসব প্রতিষ্ঠানে শতভাগ ফেলের ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
আরও পড়ুন: সাজেকে দুই সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ, থেমে থেমে চলছে গুলিবর্ষণ
কয়েকজন অভিভাবক জানান, নিয়মিত ক্লাস না হওয়া এবং প্রাতিষ্ঠানিক নজরদারির অভাবেই কলেজ গুলোর সব শিক্ষার্থী ফেল করেছে।
জেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা জানান, কেন এই প্রতিষ্ঠানগুলো থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারল না, সে বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে কলেজগুলোর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমরান হোসেন শিপকে ফোন দেওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
তোরাবগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক কামাল উদ্দিন বাহার বলেন, কলেজ প্রতিষ্ঠার পর থেকে আমাদের এখানে কোনো শিক্ষক নেই। কোনো মতে অতিথি শিক্ষক দিয়ে চালানো হয়। তাছাড়া শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোযোগের অভাব রয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া জানান, শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী যে সকল কলেজের কেউ পাশ করেনি। তাদেরকে চিঠি দেওয়া হবে । সে আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এইচএসসির ফলাফলে লক্ষ্মীপুর জেলায় রায়পুর প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ প্রথম স্থান অর্জন করেছে। প্রতিষ্ঠানটিতে পাসের হার ৯৮.৯২ শতাংশ। প্রতিষ্ঠানটি থেকে এবার ৩৭২ জন এইচএসসি পরীক্ষা দেয়। এরমধ্যে ৩৬৮ জন কৃতকার্য হয়েছে। কৃতকার্য ৩৬৮ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৪ জন।
জেলার অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে লক্ষ্মীপুর সরকারি কলেজে পাসের হার ৭৭.২৫ শতাংশ। এ কলেজ থেকে এক হাজার ১২১ জন পরীক্ষা দিয়ে ৮৬৬ জন কৃতকার্য হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ৩১ জন। লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে পাসের হার ৮৮.৮৯ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে ৭২ জনের মধ্যে ৬৪ জন কৃতকার্য হয়েছেন।





