৩ কোটি রুপির সিনেমার আয় ১১৩ কোটি
মাত্র ৩ কোটি রুপি বাজেটে নির্মিত কন্নড় সিনেমা ‘প্রেমাদা উরালি’ বক্স অফিসে আয় করেছে ১১৩ কোটির বেশি। স্বল্প বাজেটে নির্মিত ছবিটির এমন সাফল্য চমকে দিয়েছে চলচ্চিত্রসংশ্লিষ্টদের। ব্যবসায়িক সাফল্যে সিনেমাটি পেছনে ফেলেছে ‘কেজিএফ’ ও ‘কান্তারা’র মতো আলোচিত ছবিকেও।
গ্রামীণ জীবনের আবহে নির্মিত ‘প্রেমাদা উরালি’ একটি রোমান্টিক ও পারিবারিক গল্পের সিনেমা। বাবা-ছেলেকে ঘিরে গড়ে ওঠা পরিবারের চেনা জীবনে এক আধুনিক পুত্রবধূর আগমন নানা পরিবর্তন নিয়ে আসে। সামাজিক রীতিনীতির বিরুদ্ধে এক নারীর অবস্থান এবং সাধারণ মানুষের আবেগ ছবিটির গল্পে বিশেষ গুরুত্ব পেয়েছে। দর্শকের সঙ্গে গল্পের এই সংযোগই সিনেমাটির জনপ্রিয়তার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: অভিনয়, নাচ ও উপস্থাপনা নিয়ে যা বললেন সুনেরাহ
তবে বক্স অফিসে সাফল্য পাওয়ার আগে নির্মাতাদের পেরোতে হয়েছে কঠিন পথ। সিনেমাটির চিত্রগ্রাহক রাজকান্ত এসকে এক সাক্ষাৎকারে জানান, প্রচার ও মুক্তির কাজে সহায়তার জন্য মাত্র ১৫ লাখ রুপি চেয়েও বড় প্রযোজকদের কাছ থেকে সাড়া পাননি তারা। এখন ছবিটি সফল হওয়ার পর সেই প্রযোজকদের অনেকেই পরিচালকের সঙ্গে দেখা করতে আগ্রহী।
অর্থসংকটের কারণে শুটিংয়ের সময়ও নানা সমস্যায় পড়তে হয় পুরো দলকে। শতাধিক কলাকুশলীর জন্য ভালো আবাসনের ব্যবস্থা করা সম্ভব না হওয়ায় একটি সাধারণ মিলনায়তনের মেঝেতেই রাত কাটাতে হয়েছে তাদের। তবে পরিচালক মনোজ কুমারের নিজ গ্রামে শুটিং হওয়ায় স্থানীয় বাসিন্দারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
আরও পড়ুন: ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস খান
সীমিত সামর্থ্যের মধ্যেও সিনেমাটির প্রচারে অভিনব কৌশল নেন নির্মাতারা। বড় আয়োজনের বদলে কর্ণাটকের অটোরিকশায় ১০ হাজার রেডিয়াম স্টিকার লাগানো হয়। পাশাপাশি বিয়ের আমন্ত্রণপত্রের আদলে কার্ড ছাপিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়, যাতে তারা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখেন।
মুক্তির আগে শেষ মুহূর্তে কয়েকটি প্রেক্ষাগৃহে শো বাতিল হওয়ার ঘটনাও ঘটে। কিন্তু দর্শকের সাড়া পাওয়ার পর পরিস্থিতি পাল্টে যায়। মুক্তির ২৯তম দিনেও ছবিটির ৭০০টির বেশি শো চলার কথা জানা গেছে। দর্শকের চাহিদা সামলাতে কোথাও কোথাও অতিরিক্ত চেয়ার ও কার্পেটের ব্যবস্থাও করতে হচ্ছে।
শুরুতে অর্থসংকট, প্রচারের সীমাবদ্ধতা ও প্রযোজকদের অনাগ্রহ—সব বাধা পেরিয়ে ‘প্রেমাদা উরালি’র এই সাফল্য আবারও দেখিয়েছে, বড় বাজেট কিংবা জাঁকজমকপূর্ণ প্রচারই সিনেমার সাফল্যের একমাত্র শর্ত নয়। দর্শকের সঙ্গে গল্পের সংযোগ তৈরি করতে পারলে স্বল্প বাজেটের ছবিও বক্স অফিসে বড় চমক দেখাতে পারে।





