মঞ্চে মাইক বন্ধ করে শিল্পা রাওকে অপমানের অভিযোগ

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:০৯ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুম্বাইয়ে সংগীত উৎসবে পারফরম্যান্স চলাকালে গায়িকা শিল্পা রাওয়ের মাইক বন্ধ করে দেওয়া এবং নির্ধারিত সময়ের আগেই তার পরিবেশনা শেষ করার ঘটনায় নিন্দা জানিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। এ ঘটনায় আয়োজকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চাইলে শিল্পা রাওকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে সংগঠনটি।

শনিবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেন্সে অনুষ্ঠিত ‘বলিউড মিউজিক প্রজেক্ট’-এর দশম বর্ষপূর্তি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে শিল্পা রাওয়ের পাশাপাশি আরও কয়েকজন শিল্পীর পারফর্ম করার কথা ছিল।

আরও পড়ুন: প্রথমবার একসাথে জুটি বাঁধছেন খায়রুল বাসার-নীহা

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শিল্পা রাওয়ের পরিবেশনার নির্ধারিত সময় ছিল সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত। তবে অনুষ্ঠান দেরিতে শুরু হওয়ায় তিনি রাত সাড়ে ৮টার দিকে মঞ্চে ওঠেন। একাধিক গান পরিবেশনের পর পরবর্তী গানের প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ তাঁর মাইক্রোফোন ও মূল মঞ্চের আলো বন্ধ করে দেওয়া হয়। একই সময়ে অন্য মঞ্চে রাজস্থানি লোকসংগীতশিল্পী কুটলে খান পারফর্ম করতে শুরু করেন।

এ সময় দর্শকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। শিল্পা রাওয়ের নাম ধরে স্লোগান দিতে থাকেন উপস্থিত দর্শকেরা। পরিস্থিতিতে কিছুক্ষণের জন্য তার মাইক চালু করা হলেও পরে আবার বন্ধ করে দেওয়া হয়। মঞ্চ থেকে বিদায় নেওয়ার আগে শিল্পা বলেন, তাঁকে গান গাইতে দেওয়া হচ্ছে না। এরপর তিনি মঞ্চ ছেড়ে চলে যান।

আরও পড়ুন: টরন্টো চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর জন্য সেরা অভিনেত্রী জাইনীন

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পা রাওয়ের প্রতি সমর্থন জানিয়ে অনেকে প্রতিবাদ করেন। ‘#JusticeForShilpaRao’ হ্যাশট্যাগও ছড়িয়ে পড়ে।

এদিকে, এক্সে দেওয়া বিবৃতিতে এআইসিডব্লিউএ জানায়, কোনো শিল্পীর পরিবেশনা চলাকালে তাঁর মাইক ও আলো বন্ধ করে দিয়ে মঞ্চ অন্য শিল্পীর জন্য ছেড়ে দিতে বাধ্য করা অগ্রহণযোগ্য। সংগঠনটি এ ঘটনাকে শিল্পীর প্রতি অসম্মানজনক আচরণ হিসেবে উল্লেখ করে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে তারা।

ঘটনার পর ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করেন শিল্পা রাও। তিনি লেখেন, মুম্বাইয়ে সেদিন রাতের ঘটনা তাকে গভীরভাবে কষ্ট দিয়েছে। তবে গান বন্ধ হয়ে গেলেও দর্শকেরা তাঁর পাশে ছিলেন এবং তাঁদের ভালোবাসা তিনি অনুভব করেছেন। অসমাপ্ত সেই পরিবেশনা শেষ করতে আবারও ফিরে আসার প্রতিশ্রুতি দেন তিনি।

অন্যদিকে, ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে ‘বলিউড মিউজিক প্রজেক্ট’ কর্তৃপক্ষ। এক বিবৃতিতে আয়োজকেরা শিল্পা রাওয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বড় পরিসরের সংগীত উৎসবে একাধিক শিল্পীর পরিবেশনা ও সময়সূচি সমন্বয় করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। আগের পরিবেশনাগুলো নির্ধারিত সময়ের চেয়ে বেশি দীর্ঘ হওয়ায় সূচিতে বিলম্ব ঘটে। পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা ও অনুষ্ঠানস্থলের সময়সীমা মেনে চলার বাধ্যবাধকতার কথাও উল্লেখ করেন তাঁরা।

তবে এ ঘটনার বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন কুটলে খানের ম্যানেজার। তাঁর দাবি, শিল্পা রাও নিজের পরিবেশনা শেষ করে ব্যাকস্টেজে চলে গিয়েছিলেন। পরে কুটলে খান মঞ্চে গান গাওয়ার সময় তিনি দর্শকদের ধন্যবাদ জানাতে ফিরে আসেন। ম্যানেজারের ভাষ্য, অনুষ্ঠানের সময়সূচিতে বিলম্বের পেছনে হিমেশ রেশামিয়ার দীর্ঘ সাউন্ডচেকও দায়ী ছিল। এতে কুটলে খানের নির্ধারিত পরিবেশনার সময়ও কমে যায় বলে দাবি করেন তিনি।

শিল্পা রাও কিংবা হিমেশ রেশামিয়া—কেউই এ বিষয়ে ম্যানেজারের বক্তব্যের জবাব দেননি। ফলে ঘটনাটি নিয়ে আয়োজকদের ব্যাখ্যা, শিল্পীর প্রতিক্রিয়া এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য ঘিরে আলোচনা অব্যাহত রয়েছে।