নেত্রকোনায় ধর্ষণ মামলার প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার
নেত্রকোনায় দায়ের করা ধর্ষণ মামলার প্রধান আসামি আমিনুল ইসলামকে (২২) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার সকালে তাঁকে নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এসআরবি-১৪-এর ময়মনসিংহের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আরও পড়ুন: ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী নারীর সঙ্গে আমিনুল ইসলামের ইসলামী শরিয়াহ অনুযায়ী বিয়ে হয়েছিল। তবে সেই বিয়ে নিবন্ধিত হয়নি। পরবর্তী সময়ে ওই নারী অন্তঃসত্ত্বা হলে আমিনুল ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে। একপর্যায়ে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, গত ১ আগস্ট বিকেল ৪টার দিকে বিয়ে নিবন্ধনের অনুরোধ জানাতে আমিনুলের বাড়িতে যান ওই নারী। এ সময় ক্ষুব্ধ হয়ে আমিনুলসহ অন্য আসামিরা তাঁকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তাঁকে ও তাঁর অনাগত সন্তানকে হত্যার পর লাশ গুম করার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসক হলেন মেয়র শাহাদাত
এ ঘটনায় ভুক্তভোগী নারী নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিটিশন মামলা করেন। আদালতের নির্দেশে গত ১৪ আগস্ট নেত্রকোনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলার নম্বর ২৬। এতে আমিনুল ও তাঁর পরিবারের সদস্যদের আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর থেকে আমিনুল পলাতক ছিলেন।
নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রোববার দুপুরে আমিনুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।





