গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসে আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে কার্টন ও সুতা
গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন কারখানায় লাগা আগুন সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটে নয়টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার শৈলডুবী এলাকায় কারখানাটিতে আগুন লাগে।
আরও পড়ুন: নেত্রকোণায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম ঢাকা পোস্টকে জানান, খবর পাওয়ার পর কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে সারাবো, ডিবিএল ও মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের আরও কয়েকটি ইউনিট যুক্ত হয়। সব মিলিয়ে নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
পুড়েছে কার্টন ও পোশাক তৈরির সুতা
আরও পড়ুন: ডিমের বাজারে ধস, খামারিদের মাথায় হাত
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আগুনে কারখানার ভেতরে থাকা কার্টন ও পোশাক তৈরির সুতা পুড়ে গেছে।
তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন পুরোপুরি নির্বাপণের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।





