বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

Sadek Ali
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১:৫৭ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ার শেরপুরে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা লাগার ঘটনায় মো. গোলাম রব্বানী (৩৩) নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় গাড়িতে থাকা আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে গেছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ঢাকামুখী লেনে ছোনকা ওভারপাসের মুখে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: জামায়াত আমির

নিহত গোলাম রব্বানী পুলিশ সদর দপ্তরে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় কালিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোলাম রব্বানীকে বহনকারী প্রাইভেটকারটি ছোনকা ওভারপাসের সংযোগস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি মহাসড়কের মাঝের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই গোলাম রব্বানীর মৃত্যু হয়। দুর্ঘটনায় গাড়িতে থাকা আরও কয়েকজন আহত হন। তবে তাঁদের পরিচয় ও আহত হওয়ার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন: গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে আগুন

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। পরে নিহতের সঙ্গে থাকা পুলিশের দাপ্তরিক পরিচয়পত্রের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকে।

তিনি আরও জানান, নিহত পুলিশ কর্মকর্তার মরদেহ শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া চালকের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।