জেন-জি বিক্ষোভ ঘিরে ইন্দোনেশিয়ায় সাড়ে ৯ হাজার পুলিশ মোতায়েন
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় জেন-জি বিক্ষোভ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। শহরজুড়ে সম্ভাব্য বিক্ষোভ সামাল দিতে সাড়ে ৯ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জাকার্তা শহর পুলিশের মুখপাত্র বুদি হেরমান্তো সাংবাদিকদের জানিয়েছেন, অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করবেন বলে ধারণা করা হচ্ছে।
ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সাম্প্রতিক দাবানল, শেয়ারবাজারের পতন এবং দেশটির মুদ্রা রুপিয়ার অবমূল্যায়নসহ অর্থনীতির বিভিন্ন সমস্যা তুলে ধরে আন্দোলনের ডাক দিয়েছে। এসব ইস্যুতে সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষের মধ্যে বিক্ষোভের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০, প্রাণ গেছে বহু শিশুর
এদিকে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসও রাজধানীর একটি স্মৃতিসৌধে ব্যানার টাঙিয়ে জলবায়ু সংকট মোকাবিলা এবং জীবনযাত্রার ব্যয় কমানোর দাবি জানিয়েছে।
২০২৪ সালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তো। নির্বাচনে বড় ব্যবধানে জয় পেলেও তাঁর বিভিন্ন জনতুষ্টিবাদী কর্মসূচি অর্থনীতি ও বিনিয়োগকারীদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৮
সাইফুল মুজানি রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের (এসএমআরসি) জরিপ অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরে প্রাবোওর জনপ্রিয়তার হার ছিল ৮১ দশমিক ২ শতাংশ। তবে চলতি মাসে তা কমে ৪৪ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। জরিপের তথ্য অনুযায়ী, এটি তাঁর জনপ্রিয়তার সর্বনিম্ন পর্যায়।
এর আগেও ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। ২০২৫ সালে পুলিশের হামলায় এক মোটরসাইকেলচালক নিহত হওয়ার পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। পরে গত আগস্টেও বড় ধরনের বিক্ষোভের ঘটনায় শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়।
নতুন করে বিক্ষোভের আশঙ্কায় জাকার্তায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর রয়েছে।





