সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেল ডেমোক্র্যাটরা, বড় ধাক্কা খেল রিপাবলিকানরা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:১১ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার রাতে সিনেটে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে। এর মধ্য দিয়ে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে রিপাবলিকানদের নিয়ন্ত্রণের অবসান ঘটল।

১০০ সদস্যের সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে রিপাবলিকানদের কাছ থেকে অন্তত চারটি আসন বেশি পাওয়ার প্রয়োজন ছিল ডেমোক্র্যাটদের। নির্বাচনের ফলাফলে দলটি অন্তত ৫১টি আসন নিশ্চিত করেছে। তবে কয়েকটি আসনের ভোট গণনা তখনো চলছিল।

আরও পড়ুন: মধ্যবর্তী নির্বাচনে ১৬ আসনের চূড়ান্ত ফল প্রকাশ, পিছিয়ে ট্রাম্প

এবারের নির্বাচনে বেশ কয়েকটি রাজ্যে বড় ধরনের অপ্রত্যাশিত জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সাউথ ক্যারোলাইনায় রিপাবলিকান ডারলিন গ্রাহামকে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট অ্যানি অ্যান্ড্রুজ। তিনি একজন শিশু চিকিৎসক। রাজ্যটিতে সর্বশেষ ১৯৯৮ সালে কোনো ডেমোক্র্যাট সিনেট নির্বাচনে জয় পেয়েছিলেন।

প্রতিবেশী নর্থ ক্যারোলাইনায় সাবেক গভর্নর রয় কুপার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইকেল হোয়াটলিকে পরাজিত করেছেন।

আরও পড়ুন: ইরানের টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচতে পাঁচ নির্দেশনা প্রচার

টেক্সাসেও বড় চমক দেখিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস তালারিকো। রাজ্যটির অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে হারিয়ে জয় পেয়েছেন তিনি। টেক্সাসে সর্বশেষ ১৯৯৪ সালে কোনো ডেমোক্র্যাট রাজ্যব্যাপী নির্বাচনে জয়ী হয়েছিলেন।

এ ছাড়া ওহাইওতে ক্ষমতাসীন রিপাবলিকান সিনেটর জন হুস্টেডকে হারিয়েছেন ডেমোক্র্যাট শেরড ব্রাউন। কানসাসে রিপাবলিকান সিনেটর রজার মার্শালকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট যাজক অ্যাডাম হ্যামিলটন।

রিপাবলিকানদের একক নিয়ন্ত্রণের অবসান

নির্বাচনের আগে ১১৯তম কংগ্রেসে রিপাবলিকানদের সিনেটে ৫৩টি আসন ছিল। অন্যদিকে ডেমোক্র্যাটদের ছিল ৪৫টি আসন। তাঁদের সঙ্গে একই জোটে ছিলেন দুজন স্বতন্ত্র সিনেটর।

নতুন ফলাফলে সিনেটের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পাশাপাশি ওয়াশিংটনে রিপাবলিকানদের একক নিয়ন্ত্রণও শেষ হতে যাচ্ছে। ২০২৪ সালের নির্বাচনে সিনেট, প্রতিনিধি পরিষদ ও প্রেসিডেন্টের পদ—তিনটি গুরুত্বপূর্ণ ক্ষমতাকেন্দ্রই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে এসেছিল। রাজনৈতিক পরিভাষায় একে ‘ট্রাইফেক্টা’ বলা হয়।

কয়েকটি রাজ্যে ডেমোক্র্যাটদের চমক

এবারের নির্বাচনে আলাস্কা, আইওয়া, কানসাস, মেইন, ওহাইও, টেক্সাস ও মিশিগানসহ অন্তত সাতটি রাজ্যের সিনেট নির্বাচনকে হাড্ডাহাড্ডি লড়াই হিসেবে বিবেচনা করা হয়েছিল। তবে টেক্সাস ও কানসাসের মতো রিপাবলিকান-প্রধান রাজ্যে ডেমোক্র্যাটদের জয় বিশেষভাবে আলোচনায় এসেছে।

কানসাসে জয়ের পর অ্যাডাম হ্যামিলটন বলেন, প্রায় এক শতাব্দী পর রাজ্যটিতে একজন ডেমোক্র্যাটের সিনেট নির্বাচিত হওয়া বড় ঘটনা। তাঁর মতে, রিপাবলিকান, স্বতন্ত্র ও ডেমোক্র্যাট—সব দলের ভোটারই ওয়াশিংটনের বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

কেন সিনেটের নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ

যুক্তরাষ্ট্রের সিনেট সদস্যদের মেয়াদ ছয় বছর। অন্যদিকে প্রতিনিধি পরিষদের সদস্যদের মেয়াদ দুই বছর। সিনেটের সব আসনে একসঙ্গে নির্বাচন হয় না; প্রতি দুই বছর পরপর সাধারণত প্রায় এক-তৃতীয়াংশ আসনে ভোট হয়।

এবার সিনেটের ৩৫টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৩৩টি নিয়মিত নির্বাচন এবং ওহাইও ও ফ্লোরিডায় দুটি বিশেষ নির্বাচন ছিল। ২০২৫ সালে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ট্রাম্প প্রশাসনে যোগ দেওয়ায় ওই দুই রাজ্যে সিনেটের আসন শূন্য হয়েছিল।

অন্যদিকে জর্জিয়ার মতো গুরুত্বপূর্ণ রাজ্যে জন ওসফের আসন ধরে রাখতে পেরেছে ডেমোক্র্যাটরা। ২০০৯ সাল থেকে ভার্জিনিয়ার প্রতিনিধিত্ব করা মার্ক ওয়ার্নারও চতুর্থ মেয়াদে সিনেটর নির্বাচিত হয়েছেন।

সূত্র: আলজাজিরা