দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজির দাম সবচেয়ে বেশি বাংলাদেশে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৫ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সবচেয়ে বেশি। বর্তমানে দেশে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার কিনতে গ্রাহককে ব্যয় করতে হচ্ছে ২ হাজার ৬০ টাকা। অথচ একই পরিমাণ গ্যাসের দাম ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানে তুলনামূলকভাবে কম।

সোমবার (২ নভেম্বর) দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়। অন্যদিকে, বাংলাদেশি মুদ্রায় সমপরিমাণ গ্যাসের দাম পাকিস্তানে প্রায় ১ হাজার ৫৮৩ টাকা, শ্রীলঙ্কায় ১ হাজার ৫৬৭ টাকা এবং নেপালে ১ হাজার ৪২৬ টাকা। ভারতের কলকাতায় ১২ কেজি এলপিজির দাম প্রায় ১ হাজার ৭২ টাকা।

আরও পড়ুন: কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এলপিজি সিলিন্ডারের প্রচলিত ওজন এক নয়। ভারতে ও নেপালে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ১৪ দশমিক ২ কেজির সিলিন্ডার। পাকিস্তানে ১১ দশমিক ৮ কেজি, শ্রীলঙ্কায় সাড়ে ১২ কেজি এবং বাংলাদেশে ১২ কেজির সিলিন্ডারের চাহিদা বেশি। তাই তুলনার সুবিধার্থে সব দেশের দাম ১২ কেজি গ্যাসের ভিত্তিতে হিসাব করা হয়েছে।

ভারতের সরকারি প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েলের তথ্য অনুযায়ী, দেশটির রাজধানী দিল্লিতে ১৪ দশমিক ২ কেজির সিলিন্ডারের দাম ৯৪২ রুপি। কলকাতায় একই সিলিন্ডারের দাম ৯৬৮ রুপি। বিনিময় হার অনুযায়ী, কলকাতায় প্রতি কেজি এলপিজির দাম প্রায় শূন্য দশমিক ৭১৮ ডলার। সে হিসাবে ১২ কেজি গ্যাসের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৭২ টাকা।

আরও পড়ুন: ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা, নতুন দাম ২ হাজার ৬০ টাকা

ভারতে স্বল্প আয়ের গ্রাহকদের জন্য সিলিন্ডারপ্রতি ৩০০ রুপি ভর্তুকির ব্যবস্থা রয়েছে। একজন গ্রাহক বছরে সর্বোচ্চ চারবার এ সুবিধা নিতে পারেন। তবে এ জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করতে হয়। ভর্তুকি বাদ না দিয়েও কলকাতায় ১২ কেজি এলপিজির দাম বাংলাদেশের তুলনায় অনেক কম।

নেপালেও সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ১৪ দশমিক ২ কেজির সিলিন্ডার। দেশটির সরকারি প্রতিষ্ঠান নেপাল অয়েল করপোরেশনের তথ্য অনুযায়ী, এর দাম ২ হাজার ৬০ নেপালি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১২ কেজি গ্যাসের দাম দাঁড়ায় প্রায় ১ হাজার ৪২৬ টাকা।

শ্রীলঙ্কার সরকারি প্রতিষ্ঠান লিট্রো গ্যাসের তথ্য অনুযায়ী, দেশটিতে সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৪ হাজার ৩৬৫ রুপি। বিনিময় হার অনুযায়ী, ১২ কেজি এলপিজির দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫৬৭ টাকা।

অন্যদিকে, পাকিস্তানের তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তথ্য বলছে, দেশটিতে ১১ দশমিক ৮ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৪৭০ রুপি। ১২ কেজি গ্যাসের হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর দাম প্রায় ১ হাজার ৫৮৩ টাকা।

তবে প্রতিবেশী দেশগুলোতে সব সময় সরকারি নির্ধারিত দামে এলপিজি পাওয়া যায় না। চাহিদা বেড়ে গেলে স্থানীয় বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ রয়েছে। বাংলাদেশেও একই ধরনের পরিস্থিতি দেখা যায়।

বাংলাদেশে এলপিজির দাম তুলনামূলক বেশি হওয়ার পেছনে পরিবহন ব্যয়কে অন্যতম কারণ হিসেবে দেখিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসির তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি টন এলপিজি পরিবহনে জাহাজভাড়া দিতে হয় প্রায় ২৫০ ডলার। বিপরীতে ভারতে এ ব্যয় সর্বোচ্চ ৬৫ ডলার, পাকিস্তানে ৮০ ডলার এবং শ্রীলঙ্কায় ৯৫ ডলার। ফলে প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে এলপিজি আমদানির পরিবহন ব্যয় অনেক বেশি।