আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি গড়তে বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে জোর রাষ্ট্রপতির

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:৪৯ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং একাধিক ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্য অর্জনে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম বা কারিকুলাম প্রস্তুত করার ওপর জোর দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বঙ্গভবনে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পৃথক প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ কথা বলেন।

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম রহমান এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সাক্ষাৎকালে প্রতিনিধিরা তাঁদের বিশ্ববিদ্যালয়ের কর্মমুখী শিক্ষা, সিলেবাস ও সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

আরও পড়ুন: জাপানে ৪ দিনের সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল জানায়, বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ বিশ্ববিদ্যালয়টি বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে। এ ছাড়া জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দ্বিতীয় লক্ষ্য—ক্ষুধামুক্তি বা ‘জিরো হাঙ্গার’ অর্জনে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টি ৫৭তম স্থান লাভ করেছে। এসব সাফল্যের কথা শুনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।

অন্যদিকে, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক জানান, তাঁদের শিক্ষার্থীরা দেশে ও আন্তর্জাতিক শ্রমবাজারে সুনামের সঙ্গে কাজ করছেন। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় বিশেষ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়টির প্রশংসা করেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন: সাবেক বিমান কর্মকর্তার মরদেহে আঘাতের চিহ্ন নেই: নৌ-পুলিশ

সাক্ষাৎকালে দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা তাঁদের প্রস্তাবিত সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব এবং বিশ্ববিদ্যালয় দুটির উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও ট্রেজারাররা উপস্থিত ছিলেন।