কিশোরগঞ্জে স্তন ক্যান্সার সেবার বিস্তারে ৫ দফা দাবি
কিশোরগঞ্জে স্তন ক্যান্সার সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ে ক্যান্সারসেবা সম্প্রসারণের দাবি জানিয়েছে নারী উদ্যোগ কেন্দ্র (নউক)।
বুধবার (২৮ অক্টোবর) বিকালে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
আরও পড়ুন: অসহায় ইনছেনার পাশে ইউএনও, ঘর নির্মাণে সহায়তা
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, স্তন ক্যান্সার নারীদের জন্য একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা। সচেতনতার অভাব, সামাজিক সংকোচ এবং প্রয়োজনীয় পরীক্ষার সীমিত সুযোগের কারণে অনেক ক্ষেত্রে রোগ শনাক্ত ও চিকিৎসা শুরুতে বিলম্ব হয়।
তারা জানান, ২০২২ সালে বিশ্বে প্রায় ২৩ লাখ নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রায় ৬ লাখ ৭০ হাজার নারী মারা যান। ২০৩০ সাল নাগাদ আক্রান্তের সংখ্যা ৩৫ লাখে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সংবাদ সম্মেলনে জেলা পর্যায়ের সরকারি হাসপাতালে জরুরি ভিত্তিতে ক্যান্সার কর্নার স্থাপন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক ক্যান্সার স্ক্রিনিং চালু, স্বাস্থ্যশিক্ষা ও জনসচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, স্তনের স্বাভাবিক অবস্থায় কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে দ্রুত চিকিৎসক বা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিতে হবে। প্রয়োজন অনুযায়ী স্তন পরীক্ষা, ম্যামোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা রোগ শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা আরও বলেন, স্তন ক্যান্সার নিয়ে ভয়, লজ্জা ও সামাজিক কুসংস্কার দূর করতে পরিবার ও সমাজকে এগিয়ে আসতে হবে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করা গেলে পরিস্থিতি মোকাবিলার সুযোগ বাড়ে।
সংবাদ সম্মেলনে স্তন ক্যান্সার বিষয়ে তথ্য-উপাত্ত তুলে ধরেন নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাশহুদা খাতুন শেফালী, রিজিওনাল কোঅর্ডিনেটর আবুল ফজল মোহাম্মদ আহাদ এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটর লিডিয়া ইয়াসমিন সিলভা।





