শেরপুরে বাস ও সিএনজি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪

Sadek Ali
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর
প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ন, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২:৪০ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শেরপুর সদরে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুয়েল মিয়া (৪১) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জোড়া পাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল নকলা উপজেলার বারমাইসাখিচা গ্রামের মো. হাফিজ উদ্দিনের ছেলে। তিনি ইরাকে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: মিঠাপুকুরে ডাম্প ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৪

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ঢাকা থেকে শেরপুরগামী শেরপুর চেম্বার্স অব কমার্সের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জুয়েল মিয়ার মৃত্যু হয়। আহত চারজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন নকলা পৌরসভার হিসাবরক্ষক মোহাম্মদ ফেরদৌসুর রহমান (৫০), হিসাব সহকারী আলমগীর হোসেন (৩২), শফিকুল ইসলাম (৪৫) ও দুলাল মিয়া (৬০)। ফেরদৌসুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলমগীর হোসেন নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শফিকুল ইসলাম ও দুলাল মিয়া শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন: সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

নিহতের চাচাতো ভাই জুয়েল মিয়া বলেন, তার ভাই প্রায় ১৪ বছর ধরে প্রবাসে থাকেন। তিনি ২০ দিন আগে দেশে আসেন। মঙ্গলবার বিকেলে জমি সংক্রান্ত বিষয় নিয়ে এডভোকেট কাছে পরামর্শ জন্য শেরপুরে যান। রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।