সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
নেত্রকোণার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী পৃথক অভিযানে ভারতীয় প্রসাধনী, গরু, কম্বল ও কয়লাসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ৫ লাখ ২৭ হাজার ৮০৪ টাকা।
বুধবার (২৮ অক্টোবর) নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: মিঠাপুকুরে ডাম্প ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৪
বিজিবি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেংগুড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৭২ এমপি থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতশহীদের মাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেয়ার অ্যান্ড লাভলী প্রসাধনীর ৫৩০ পিস জব্দ করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ২ লাখ ২৫ হাজার ২৫০ টাকা।
একই দিন দুপুর ২টার দিকে মোহনপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৮৯/৬-এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে কড়াইবাড়ী এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় গরু জব্দ করে। গরুটির সিজার মূল্য ৭০ হাজার টাকা।
আরও পড়ুন: শেরপুরে বাস ও সিএনজি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪
সন্ধ্যা ৭টার দিকে নলুয়াপাড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৫৯ এমপি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদামবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১০টি ভারতীয় কম্বল জব্দ করে। এসব কম্বলের মূল্য ৫০ হাজার টাকা।
এরপর সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মোহনপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৮৮/৩-এস থেকে প্রায় ৩০০ গজ ভেতরে মহেষখোলা নদীর পাড় থেকে ৭৫৬ কেজি ভারতীয় কয়লা জব্দ করে। এর সিজার মূল্য ১৫ হাজার ১২০ টাকা।
রাত ৯টার দিকে খারনই বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৭৮ এমপি থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালমাঠ এলাকায় অভিযান চালিয়ে ১৪৩ পিস ভারতীয় প্রসাধনী জব্দ করে। এসব পণ্যের সিজার মূল্য ১৫ হাজার ৪৩৪ টাকা।
রাত ৯টা ৩০ মিনিটে বিজয়পুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৫০ এমপি থেকে প্রায় ৩০০ গজ ভেতরে পশ্চিম বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে ২০টি ভারতীয় কম্বল জব্দ করে। এসব কম্বলের সিজার মূল্য ১ লাখ টাকা।
এ ছাড়া বুধবার (২৮ অক্টোবর) ভোর ৫টা ৫০ মিনিটে ভরতপুর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১১৬৬/৩-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাজিরকোনা এলাকায় অভিযান চালিয়ে ১৩০ কেজি বাংলাদেশি শিং মাছ জব্দ করেন। মাছগুলোর সিজার মূল্য ৫২ হাজার টাকা।
৩১ বিজিবি জানায়, জব্দ করা প্রসাধনী ও কম্বল নেত্রকোণা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। জব্দ করা গরু ও কয়লা এবং শিং মাছ কাস্টমস প্রতিনিধির সমন্বয়ে নিলাম করা হয়েছে।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তিনি আরো জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।





