বাবার পরিচালনায় প্রথমবার বড় পর্দায় ভাবনা

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৫৫ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইতিহাসের নানা বাঁক, দেশভাগের বেদনা আর ভাষার অধিকার আদায়ের সংগ্রাম—এসবের সঙ্গে একটি পরিবারের গল্প মিলিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘যাপিত জীবন’। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি আগামী ২০ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির মধ্য দিয়ে প্রথমবার বাবার পরিচালনায় বড় পর্দায় দেখা যাবে অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে।

সরকারি অনুদানে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। পরিচালনা করেছেন ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব। এর চিত্রনাট্য তৈরি করেছেন অনিমেষ আইচ ও ইমতিয়াজ হৃদয়।

আরও পড়ুন: স্পেনে পুরস্কার জিতল বাংলাদেশী ২ সিনেমা

মঙ্গলবার রাতে সিনেমাটির পোস্টার প্রকাশ করে মুক্তির তারিখ ঘোষণা করেছে পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। পোস্টার প্রকাশের পর দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন ভাবনা।

পোস্টার নিয়ে নিজের অনুভূতি জানিয়ে এই অভিনেত্রী বলেন, পোস্টারটির মধ্যে একধরনের স্থিরতা ও স্বস্তির আবহ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি প্রকাশের পর অনেক ইতিবাচক মন্তব্য পাচ্ছেন তাঁরা। পোস্টারের কেন্দ্রে একটি পরিবারের ছবি থাকায় মধ্যবিত্ত পরিবারগুলোর মধ্যেও সিনেমাটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

আরও পড়ুন: পাঁচ বছর পর আবারও সোনারগাঁয়ে ‘ইত্যাদি’

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান হিসেবে সিনেমাটির জন্য ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে নির্মাণের পুরো প্রক্রিয়ায় নিজেদের উদ্যোগ ও পরিশ্রমও যুক্ত করতে হয়েছে বলে জানান ভাবনা। অন্য সিনেমায় শুধু অভিনয়শিল্পী হিসেবে যুক্ত থাকলেও এটি তাঁদের নিজস্ব প্রযোজনা হওয়ায় নির্মাণের বিভিন্ন কাজের সঙ্গে তাঁকে সম্পৃক্ত থাকতে হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দে টানা ২০ দিন সিনেমাটির শুটিং হয়েছে। সেখানে কাজ করতে গিয়ে তৈরি হয়েছে অনেক আনন্দ ও আবেগের স্মৃতি।

বাবার পরিচালনায় প্রথমবার অভিনয় করা প্রসঙ্গে ভাবনা বলেন, হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে এটিই তাঁর প্রথম সিনেমা। ভবিষ্যতে আবার একসঙ্গে কাজ করার সুযোগ হবে কি না, তা জানা নেই তাঁর। তাই ‘যাপিত জীবন’ তাঁর কাছে আজীবন বিশেষ স্মৃতি হয়ে থাকবে।

সিনেমাটির গল্প নিয়ে আশাবাদী ভাবনা। তাঁর মতে, এটি শুধু একটি পারিবারিক গল্প নয়; বরং দেশের ইতিহাস, মানুষের অনুভূতি, বেদনা, শেকড় ও অস্তিত্বের গল্প। দর্শকদের মনে ছবিটি গভীর প্রভাব ফেলবে এবং নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করবে বলে প্রত্যাশা তাঁর।

এদিকে ‘যাপিত জীবন’-এ প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী। সিনেমাটির কাজের অভিজ্ঞতা নিয়ে আফজাল হোসেন জানান, পারিবারিক আবহের এই গল্পে কাজ করে তাঁর ভালো লেগেছে। সব মিলিয়ে এটি ভালো একটি নির্মাণ হয়েছে বলে তাঁর বিশ্বাস।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পায় ‘যাপিত জীবন’। এতে আরও অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, কাজী হায়াত, সমাপ্তি ও ডলি জহুরসহ অনেকে।