চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন আজ

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৪:৩৪ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। অভিনয়, সৌন্দর্য ও ব্যক্তিত্ব দিয়ে দীর্ঘদিন ধরে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন তিনি। সময়ের পরিক্রমায় চলচ্চিত্র অঙ্গনে পেরিয়েছেন তিন দশকেরও বেশি সময়। আজ ৩ নভেম্বর এই অভিনেত্রীর জন্মদিন। ৫২ বছর পেরিয়ে ৫৩ বছরে পা রাখলেন তিনি।

এবারের জন্মদিনও দেশের বাইরে যুক্তরাষ্ট্রে কাটছে মৌসুমীর। প্রায় তিন বছর ধরে সেখানেই অবস্থান করছেন তিনি। দূরত্ব থাকলেও প্রিয় অভিনেত্রীর বিশেষ দিনটি উদযাপনে পিছিয়ে নেই ভক্তরা। প্রতিবছরের মতো এবারও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। পাশাপাশি স্ত্রীকে ঘিরে পরিবারের পক্ষ থেকেও রয়েছে বিশেষ পরিকল্পনা।

আরও পড়ুন: পরিবারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের

জানা গেছে, মৌসুমীর জন্মদিন উপলক্ষে আজ বিকেলে রাজধানীর ফার্মগেটে ‘মৌসুমী ফ্যান ক্লাব’-এর উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেত্রীর স্বামী ওমর সানী।

জন্মদিনে স্ত্রীকে ঘিরে নিজের পরিকল্পনা প্রসঙ্গে ওমর সানী বলেন, তাঁর স্ত্রী ও মেয়ে পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়ার আয়োজন করতে বলেছেন। এ ছাড়া নিজের উদ্যোগে আরও একটি কাজ করছেন তিনি, তবে সেটি প্রকাশ্যে আনতে চান না। বিষয়টি কাউকে জানানোর জন্য নয়, বরং নিজের ইচ্ছা থেকেই করছেন বলে জানান এই অভিনেতা। ফ্যান ক্লাবের আয়োজনে শুধু প্রধান অতিথি হিসেবেই থাকবেন তিনি।

আরও পড়ুন: রোমান্টিক ও বিধ্বংসী দুই রূপে শাহরুখ খান

অন্যদিকে যুক্তরাষ্ট্রে জন্মদিন কাটানোর অনুভূতি জানিয়ে মৌসুমী বলেন, এবার জন্মদিন নিয়ে তাঁর বিশেষ কোনো পরিকল্পনা নেই। মা, মেয়ে ও বোনদের সঙ্গে পারিবারিক পরিবেশে সুন্দর সময় কাটানোর ইচ্ছা রয়েছে। ঘরোয়া আয়োজনেই খাওয়া-দাওয়া ও আনন্দের মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন তাঁরা।

মৌসুমী জানান, ঢাকায় থাকলে হয়তো জন্মদিনে ভিন্ন ধরনের আয়োজন হতো। তবে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে জন্মদিন উদযাপনের বিষয়ে এখন কিছুটা সংযত থাকার চেষ্টা করেন তিনি। তারপরও স্বামী ওমর সানী এবং ভক্তদের বিভিন্ন আয়োজন দূর থেকেই উপভোগ করেন। এসব উদ্যোগ তাঁর ভালো লাগে বলেও জানান এই অভিনেত্রী।

ছোটবেলার জন্মদিনের স্মৃতিও তুলে ধরেন মৌসুমী। তাঁর ভাষ্য, বাবা জন্মদিনে এতিমখানায় খাবারের ব্যবস্থা করতেন এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেন। অন্যদিকে মা আত্মীয়স্বজনদের বাড়িতে ডেকে রান্নাবান্না করে খাওয়াতে পছন্দ করতেন। শৈশবের সেই সময়গুলো এখন খুব মনে পড়ে তাঁর।

১৯৭৩ সালের ৩ নভেম্বর জন্মগ্রহণ করেন মৌসুমী। মাত্র ২০ বছর বয়সে প্রয়াত পরিচালক সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ। চলচ্চিত্রে অভিনয়ের আগে বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ করেছেন তিনি।

প্রথম সিনেমার সাফল্যের পর সালমান শাহর সঙ্গে ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’ ও ‘স্নেহ’ সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে জনপ্রিয়তা পান মৌসুমী। একই সময়ে ওমর সানীর সঙ্গেও জুটি গড়ে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। তাঁদের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দোলা’, ‘আত্মঅহংকার’, ‘লজ্জা’, ‘বাপের টাকা’, ‘হারানো প্রেম’, ‘প্রথম প্রেম’, ‘স্নেহের বাঁধন’, ‘ফাঁসির আসামী’, ‘মুক্তির সংগ্রাম’, ‘কথা দাও’, ‘ক্ষুধা’ ও ‘রঙ্গিন রংবাজ’।

মৌসুমীর জীবনের নানা অধ্যায়ে ‘তিন’ সংখ্যাটির উপস্থিতিও বেশ উল্লেখযোগ্য। তাঁর নাম তিন অক্ষরের, জন্মদিন মাসের ৩ তারিখে। আবার অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ অনেক অর্জন ও ঘটনার সঙ্গেও জড়িয়ে আছে এই সংখ্যা।

ক্যারিয়ারের তৃতীয় সিনেমা ‘দোলা’তে প্রথমবার ওমর সানীর সঙ্গে জুটি বাঁধেন মৌসুমী। পর্দার সেই জুটি পরবর্তী সময়ে বাস্তব জীবনেও পরিণয়ে রূপ নেয়। ক্যারিয়ারের তৃতীয় বছরেই বিয়ে করেন তাঁরা। অভিনয়ের স্বীকৃতি হিসেবেও তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী। ২০০১ সালে ‘মেঘলা আকাশ’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এরপর ২০১৩ সালে ‘দেবদাস’ এবং ২০১৪ সালে ‘তারকাঁটা’ সিনেমার জন্য একই বিভাগে পুরস্কৃত হন। অভিনয়ের পাশাপাশি তিনটি সিনেমা পরিচালনাও করেছেন মৌসুমী।

জন্মদিন, নাম, চলচ্চিত্রজীবন, ব্যক্তিগত সম্পর্ক ও অর্জন—বিভিন্ন ক্ষেত্রেই ‘তিন’ সংখ্যার এমন মিল তাঁর জীবনে তৈরি করেছে এক ব্যতিক্রমী যোগসূত্র। দীর্ঘ অভিনয়জীবনে দর্শকের ভালোবাসা নিয়ে আজও আলোচনায় রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেত্রী।