পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রী ও উপদেষ্টাদের জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আরও পড়ুন: চার দিন বন্ধ থাকবে এলএনজি টার্মিনাল, সারা দেশে কমবে গ্যাসের সরবরাহ
ব্রিফিংয়ে শ্রমমন্ত্রী বলেন, ‘ডিসেম্বরকে সামনে রেখে পোশাক খাতকে অস্থির করার চেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে সরকার।’
তিনি আরও জানান, তৈরি পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ডের গেজেট প্রকাশ
এর আগে শ্রমিক অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণে রোববার সন্ধ্যায় সচিবালয়ে কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে শ্রমিক অসন্তোষের বর্তমান পরিস্থিতি, এর কারণ এবং উদ্ভূত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
এদিকে, রোববার ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে সাভার, গাজীপুর ও রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। শ্রমিক আন্দোলনের কারণে এসব এলাকার তিন শতাধিক পোশাক কারখানা বন্ধ ছিল বলে জানিয়েছে শিল্প পুলিশ।
শিল্প পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সাভার ও আশুলিয়ায় ১৭৭টি পোশাক কারখানা বন্ধ ছিল। অন্যদিকে, গাজীপুরে বন্ধ ছিল শতাধিক কারখানা।
এদিকে, গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি ও চলমান অসন্তোষের মধ্যে সরকারের পক্ষ থেকে উৎপাদন স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হলো।





