১৫ মিনিটেরও কম সময়ে বিয়ে করেছিলেন হিনা খান

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:৫৯ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৬
রকি জয়সোয়ালকে বিয়ে করেন হিনা খান। ছবিঃ অভিনেত্রীর ইনস্টাগ্রাম
রকি জয়সোয়ালকে বিয়ে করেন হিনা খান। ছবিঃ অভিনেত্রীর ইনস্টাগ্রাম

দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের প্রেম। সম্পর্কের গভীরতা থাকলেও বিয়ের বিষয়ে কখনো ভাবেননি ভারতীয় অভিনেত্রী হিনা খান ও তাঁর প্রেমিক রকি জয়সওয়াল। তবে জীবনের কঠিন এক বাস্তবতা বদলে দেয় তাঁদের সেই ভাবনা। তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানার পরই প্রেমিককে বিয়ের সিদ্ধান্ত নেন হিনা। আর সেই সিদ্ধান্ত বাস্তবে রূপ নিতে সময় লাগে মাত্র ১৫ মিনিটেরও কম।

সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার নতুন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের বিয়ের গল্প শোনান হিনা খান। সেখানে অভিনেত্রী জানান, দীর্ঘ ১৩-১৪ বছরের সম্পর্ক হলেও বিয়ে নিয়ে তাঁদের মধ্যে কখনো বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু ক্যানসার ধরা পড়ার পর জীবনের অনিশ্চয়তা তাঁকে নতুন করে ভাবতে বাধ্য করে।

আরও পড়ুন: আইফায় ১২ পুরস্কার জিতল ধুরন্ধর, আরও যারা পেল

হিনা জানান, ২০২৫ সালের ৪ জুন মুম্বাইয়ে নিজেদের বাড়ির ছাদে ঘরোয়া আয়োজনে রকি জয়সওয়ালকে বিয়ে করেন তিনি। সে সময় চলছিল তাঁর তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারের চিকিৎসা। জীবনের এমন কঠিন সময়ে সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।

অনুষ্ঠানে বিয়ের দিনের একটি ছবি দেখানো হলে সেই স্মৃতিতে ফিরে যান অভিনেত্রী। তিনি জানান, বিয়ের সিদ্ধান্তটি ছিল একেবারেই আকস্মিক। আগে থেকে কোনো প্রস্তুতি বা আয়োজন ছিল না। দীর্ঘদিনের সম্পর্কের পরও তাঁরা বিয়ের কথা ভাবেননি। তবে অসুস্থতার খবর জানার পর পরিস্থিতি তাঁদের সিদ্ধান্ত বদলে দেয়।

আরও পড়ুন: ‘এটি আমার দ্বিতীয় জন্ম’, ১০ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

বিয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণ ব্যাখ্যা করে হিনা বলেন, শারীরিকভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার সময় রকিকে দুটি বিকল্প দিয়েছিলেন তিনি। হয় তাঁকে ছেড়ে নিজের জীবন নতুন করে শুরু করতে হবে এবং পছন্দমতো কাউকে বিয়ে করতে হবে, নয়তো তাঁকেই বিয়ে করতে হবে। কারণ, পরদিন কী ঘটবে, সে নিশ্চয়তা তাঁর কাছে ছিল না।

হিনার এমন প্রস্তাবে সম্মতি জানান রকিও। এরপর আর দেরি করেননি তাঁরা। অনুষ্ঠানে সানিয়া মির্জা জানতে চান, তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সত্যিই মাত্র ১৫ মিনিটে শেষ হয়েছিল কি না। উত্তরে হিনা জানান, ১৫ মিনিটও নয়, তার চেয়েও কম সময়ে সম্পন্ন হয়েছিল বিয়ের আয়োজন।

ক্যানসারের মতো কঠিন অসুস্থতার মধ্যেও ভালোবাসার মানুষকে পাশে নিয়ে নতুন জীবন শুরুর এই গল্প হিনা খানের জীবনের অন্যতম আবেগঘন অধ্যায়। তাঁর এই সিদ্ধান্তের কথা শুনে আবেগাপ্লুত হয়েছেন ভক্তরাও।