আজ বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ন, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:০৪ পূর্বাহ্ন, ০২ নভেম্বর ২০২৬
শাহরুখ খান। ছবিঃ সংগৃহীত
শাহরুখ খান। ছবিঃ সংগৃহীত

জীবনের ৬০টি বসন্ত পেরিয়ে ৬১ বছরে পা দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আজ ২ নভেম্বর তার জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে ভারতের নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন তিনি। তিন দশকের বেশি সময় ধরে অভিনয় দিয়ে কোটি কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। তবে এবারের জন্মদিনে ভক্তদের জন্য থাকছে কিছুটা ভিন্ন অভিজ্ঞতা। প্রতি বছর মুম্বাইয়ের বারান্দায় অবস্থিত নিজের বাড়ি মান্নাতের সামনে ভক্তদের সঙ্গে দেখা করার যে প্রচলিত আয়োজন থাকে, এবার তা হচ্ছে না।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ের কাজে বর্তমানে লন্ডনে রয়েছেন শাহরুখ। ফলে জন্মদিনে মান্নাতের সামনে এসে ভক্তদের সঙ্গে দেখা করার সুযোগ হচ্ছে না তার। এদিকে শাহরুখের টিমের পক্ষ থেকে বিভিন্ন ফ্যান ক্লাবকে জানানো হয়েছে, এবার আগের মতো ‘এসআরকে ডে’ উদযাপন করা হবে না। তবে ভক্তদের হতাশ না হওয়ার বার্তাও দেওয়া হয়েছে। আর এতেই জন্মদিন ঘিরে নতুন কৌতূহল তৈরি হয়েছে। 

আরও পড়ুন: ছয় বছরে সারার সম্পদ বেড়ে ৪১ কোটি টাকা

এদিকে জন্মদিন উপলক্ষে শাহরুখের নতুন সিনেমা ‘কিং’ থেকে বিশেষ কোনো চমক আসতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে। বলিউডের বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, জন্মদিনের বিশেষ মুহূর্তে সিনেমাটির টিজার, গান কিংবা পোস্টার প্রকাশ করা হতে পারে। বিশেষ করে সিনেমাটির পরিচালক সিদ্ধার্থ আনন্দের রহস্যময় সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট এবং নতুন গান প্রকাশের ইঙ্গিত এই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে এ বিষয়ে নির্মাতা কিংবা অভিনেতার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

অন্যদিকে মান্নাতের সংস্কার ও সম্প্রসারণের কাজ চলায় বর্তমানে পরিবার নিয়ে মুম্বাইয়ের পালি হিলে একটি বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে থাকছেন শাহরুখ। সম্প্রতি মান্নাতের সামনের অংশে বিশাল স্ক্রিনের মতো একটি কাঠামো দেখা যাওয়ায় সেটি নিয়েও আলোচনা শুরু হয়েছে। ভক্তদের একাংশের ধারণা, জন্মদিন উপলক্ষে সেখানে ‘কিং’ সিনেমার বিশেষ কোনো ঝলক প্রদর্শন করা হতে পারে। যদিও এ ধারণার সত্যতা এখনো নিশ্চিত নয়।

আরও পড়ুন: ‘টাকা চাইলে নিয়ে যাক, শিডিউল চাইলে দেব’: শরিফুল রাজ

এর আগে টানা দুই বছর মান্নাতের সামনে ভক্তদের সঙ্গে দেখা করার পরিবর্তে মুম্বাইয়ের বাল গন্ধর্ব রঙ্গমন্দিরে বিশেষ আয়োজন করেছিলেন শাহরুখ। এবারও জন্মদিনের পর বড় পরিসরে ভক্তদের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা থাকতে পারে বলে জানা গেছে। তবে সেটিও এখনো চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, ১৯৮০-এর দশকে টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন শাহরুখ খান। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেকের পর ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘দেবদাস’, ‘স্বদেশ’, ‘চাক দে! ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’ ও ‘জওয়ান’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন। বর্তমানে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এতে শাহরুখের পাশাপাশি অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও অনিল কাপুরসহ আরও অনেকে। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।