ছয় বছরে সারার সম্পদ বেড়ে ৪১ কোটি টাকা

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ন, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:০৫ পূর্বাহ্ন, ০২ নভেম্বর ২০২৬
সারা আলী খান। ছবিঃ সংগৃহীত
সারা আলী খান। ছবিঃ সংগৃহীত

বলিউডে অভিনয়ের পাশাপাশি নিজের আয় ও সম্পদের পরিমাণ দিয়েও আলোচনায় রয়েছেন অভিনেত্রী সারা আলী খান। অল্প সময়ের ক্যারিয়ারেই সিনেমা, বিজ্ঞাপন ও ব্র্যান্ড প্রচারণার মাধ্যমে নিজের আর্থিক অবস্থান বেশ শক্ত করেছেন তিনি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই অভিনেত্রীর সম্পদের পরিমাণ, সিনেমাপ্রতি পারিশ্রমিক এবং বিলাসবহুল জীবনযাপনের নানা তথ্য।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছরে সারার সম্পদের পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে। ২০১৯ সালে তার মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১৩ কোটি টাকা। ২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় আনুমানিক ২০ কোটি টাকায়। ২০২৫ সালে তার সম্পদের পরিমাণ প্রায় ২৪ কোটি টাকা বলে জানা যায়। তবে সাম্প্রতিক হিসাব অনুযায়ী, বর্তমানে সারার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪১ কোটি টাকা। অর্থাৎ কয়েক বছরের ব্যবধানে তার সম্পদে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।

আরও পড়ুন: আজ বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন

অভিনয় থেকে পাওয়া পারিশ্রমিক সারার আয়ের অন্যতম প্রধান উৎস। ইন্ডাস্ট্রি সূত্রের বরাতে জানা গেছে, একটি সিনেমায় অভিনয়ের জন্য প্রায় ৩ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। এর বাইরে বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন ও প্রচারণায় অংশ নিয়েও মোটা অঙ্কের অর্থ আয় করেন এই অভিনেত্রী। একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী প্রচারণায় অংশ নিতে তার পারিশ্রমিক প্রায় ১ কোটি টাকা বলে জানা গেছে।

বিলাসবহুল জীবনযাপনেও রয়েছে সারার আগ্রহ। তার গাড়ির সংগ্রহে রয়েছে বেশ কয়েকটি দামি এসইউভি। এর মধ্যে উল্লেখযোগ্য মার্সিডিজ-বেঞ্জ জি-ক্লাস জি ৩৫০ডি ও জিপ কম্পাস।

আরও পড়ুন: ‘টাকা চাইলে নিয়ে যাক, শিডিউল চাইলে দেব’: শরিফুল রাজ

কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন সারা। বলিউডে নিজের অবস্থান আরও শক্ত করতে নিয়মিত নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন তিনি। গত ২৩ অক্টোবর মুক্তি পেয়েছে তার অভিনীত স্পাই-কমেডি ঘরানার সিনেমা ‘উড়তা তীর’। করণ জোহরের প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনয় করেছেন তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালে ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় সারা আলী খানের। বলিউড অভিনেতা সাইফ আলী খানের কন্যা হলেও নিজের অভিনয় দক্ষতা দিয়ে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও ব্র্যান্ড প্রচারণায় অংশ নিয়ে আয়ের নতুন ক্ষেত্রও তৈরি করেছেন এই অভিনেত্রী।