রাজধানীর প্রগতি সরণীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন
রাজধানীর প্রগতি সরণীর কোকাকোলা ক্রসিং এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে কারা বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, বাসটি সাভার-নতুন বাজার রুটে চলাচল করত। নতুন বাজারে যাত্রী নামানোর কিছু সময় পর দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আরও পড়ুন: রাজধানীর গুরুত্বপূর্ণ দুই স্থানে ককটেল বিস্ফোরণ
পরিবহন কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক ও হেলপারকে থানায় নেওয়া হয়েছে।
আরও পড়ুন: কুর্মিটোলায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, আহত কনস্টেবল
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, শুক্রবার বিকেল ৫টা ৪৮ মিনিটে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।





