ভিভিআইপি মর্যাদায় ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে বরণ
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্কের আন্তালিয়াগামী প্রধানমন্ত্রী তারেক রহমান ইস্তাম্বুলে পৌঁছেছেন। সেখানে বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়। পরে বিমানবন্দরের অভ্যন্তরে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবনে নেওয়া হয় প্রধানমন্ত্রীকে।
সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ (M. İlker Haktankaçmaz)।
আরও পড়ুন: দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছায়। এর আগে আজ সকাল সাড়ে সাতটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে ২টা ৫৫ মিনিটে আন্তালিয়ার উদ্দেশে রওনা করেন। আগামীকাল বুধবার জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।
আরও পড়ুন: জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী





