১২ দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের সমাবেশ
১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। সংগঠনটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) একটি সহযোগী সংগঠন। সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল কমে গেছে।
আজ সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলীসহ বিভিন্ন এলাকায় খুব কমসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। কোথাও কোথাও অটোরিকশাচালকদের জড়ো হয়ে অন্য রিকশার চলাচলে বাধা দিতেও দেখা গেছে।
আরও পড়ুন: রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলা, আটক ১৫ জন
এদিকে সকাল থেকে বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা কম চলায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও চাকরিজীবীরা। অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
সমাবেশ উপলক্ষে শ্রমিক ইউনিয়নের বিতরণ করা একটি লিফলেটে তাদের ১২ দফা দাবির কথা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ‘রাস্তা আছে যেখানে, অটোরিকশা চলবে সেখানে।’ পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে লাইসেন্স প্রদান, চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং যৌক্তিক রুট পারমিট নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন: লাগাতার ককটেল বিস্ফোরণে জননিরাপত্তায় আতঙ্ক
লিফলেটে আরও বলা হয়েছে, পরিশোধিত বিদ্যুৎ বিলের মিটার সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না। একই সঙ্গে রেকার ও ডাম্পিংয়ের নামে জুলুম-নির্যাতন বন্ধের দাবি জানানো হয়েছে।
সমাবেশ শেষে অটোরিকশাচালকেরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে যাবেন বলেও লিফলেটে উল্লেখ করা হয়েছে।





