বিশ্ববাজারে হঠাৎ বাড়ল সোনার দাম

Any Akter
অর্থবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৫৭ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত কমার সম্ভাবনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। এর বিপরীতে বেড়েছে স্বর্ণের দাম। সোমবার সকালে বিশ্ববাজারে মূল্যবান এই ধাতুর দাম এক লাফে ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৯ ডলার ৬৯ সেন্টে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রে ডিসেম্বরের গোল্ড ফিউচারের দামও ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৩৯ ডলারে দাঁড়ায়।

আরও পড়ুন: তিন দফা বাড়ার পর কমল সোনার দাম

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত কমার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য এবং কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের নীতির পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করার পর তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দেয়। পাশাপাশি যুদ্ধ বন্ধে আলোচনা অব্যাহত থাকায় জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কাও কিছুটা কমেছে।

আরও পড়ুন: শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

বিশ্লেষকদের মতে, তেলের দাম কমলে মূল্যস্ফীতির চাপ কমার সম্ভাবনা তৈরি হয়। এতে সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখার প্রয়োজনীয়তা কমতে পারে। সাধারণত সুদের হার কমার প্রত্যাশা সোনার বাজারের জন্য ইতিবাচক। কারণ, সোনা থেকে নিয়মিত সুদ পাওয়া যায় না। ফলে সুদের হার কমলে বিনিয়োগকারীদের কাছে সোনার আকর্ষণ বাড়তে পারে।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৭৯ শতাংশ দেখছেন ব্যবসায়ীরা। কর্মসংস্থানসংক্রান্ত তথ্য প্রকাশের আগে এ সম্ভাবনা ছিল ৭১ শতাংশ।

সোনার পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। সোমবার সকালে রূপার দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৩ ডলার ৩১ সেন্টে পৌঁছেছে। একই সময়ে প্লাটিনামের দাম বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম বেড়েছে ২ দশমিক ১ শতাংশ।

এদিকে দেশের বাজারে সর্বশেষ গত শুক্রবার (৬ নভেম্বর) সোনার দাম সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা তিন দফা দাম বাড়ানোর পর সেদিন ২২ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। এতে প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।

নতুন কোনো সিদ্ধান্ত না আসায় বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ওই দামেই বিক্রি হচ্ছে। অন্যান্য মানের সোনার দাম হলো—

২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা

২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা

১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা

আন্তর্জাতিক বাজারে সোনার দামে উল্লেখযোগ্য উল্লম্ফনের কারণে দেশের বাজারেও দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বাজুস নতুন করে দাম সমন্বয়ের ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের বাজারে বর্তমান দরই কার্যকর থাকবে।