কীসের ইঙ্গিত দিলেন ঐশী?

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৫৭ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬
জান্নাতুল ফেরদৌস ঐশী। ছবিঃ সংগৃহীত
জান্নাতুল ফেরদৌস ঐশী। ছবিঃ সংগৃহীত

হলুদ শাড়িতে স্নিগ্ধ উপস্থিতি, চোখেমুখে মায়াবী অভিব্যক্তি আর ক্যাপশনে রহস্যময় কিছু কথা। নতুন কয়েকটি ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কেড়েছেন অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। তবে ছবির চেয়েও বেশি আলোচনা তৈরি করেছে তার লেখা একটি বাক্য—‘প্রতিটি আমি প্রস্তুত বলার পেছনে থাকে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।’ অভিনেত্রীর এই মন্তব্য ঘিরে নতুন কাজের সম্ভাবনা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে হলুদ শাড়িতে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন ঐশী। ছবিগুলোতে কখনো হাতে আয়না নিয়ে সাজ ঠিক করতে দেখা যায় তাকে, কখনো আবার কাঠের বেঞ্চে বসে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। কয়েকটি ছবিতে মেকআপ আর্টিস্টদের সঙ্গে প্রস্তুতির মুহূর্তও উঠে এসেছে। পুরো সাজে আভিজাত্যের পাশাপাশি ছিল স্নিগ্ধতার ছাপ।

আরও পড়ুন: সাদিয়া আয়মানের বয়স কত?

ছবিগুলোর সঙ্গে ইংরেজিতে দুটি ভাবনাময় বাক্য জুড়ে দিয়েছেন অভিনেত্রী। যার একটির বাংলা অর্থ দাঁড়ায়, প্রতিটি ‘আমি প্রস্তুত’ বলার পেছনে লুকিয়ে থাকে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। অন্য ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হয়তো কিছু আত্মার জন্মই হয় অমীমাংসিত প্রশ্ন হয়ে। তাদের সৌন্দর্য এখানেই যে, ব্যাখ্যা করার মতো গভীর কোনো ভাষা তাদের জন্য যথেষ্ট নয়।’

ঐশীর এই দুই ক্যাপশন ভক্তদের সামনে তুলে ধরেছে ভিন্ন দুটি অনুভূতি। একদিকে অভিনয় ও চলচ্চিত্রের প্রস্তুতির কথা, অন্যদিকে জীবনের রহস্যময়তা নিয়ে দার্শনিক উপলব্ধি। বিশেষ করে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রসঙ্গটি সামনে আসায় অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, নতুন কোনো সিনেমার প্রস্তুতির কথাই কি ইঙ্গিতপূর্ণভাবে জানালেন তিনি? যদিও পোস্টে নতুন কোনো চলচ্চিত্রের ঘোষণা দেননি অভিনেত্রী।

আরও পড়ুন: শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫, আবেগাপ্লুত অমি

এদিকে, বড় পর্দায়ও ব্যস্ত সময় পার করছেন ঐশী। সম্প্রতি ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে প্রথমবার জুটি বেঁধে ‘সোলজার’ সিনেমায় অভিনয় করছেন তিনি। সিনেমাটিতে নিজের চরিত্রের জন্য বিশেষ প্রস্তুতি নেওয়ার কথাও জানিয়েছেন এই অভিনেত্রী।

পাশাপাশি আসিফ ইসলাম পরিচালিত ‘যাত্রী’ সিনেমাতেও অভিনয় করছেন ঐশী। ভিন্নধর্মী গল্প ও চরিত্রে কাজের মধ্য দিয়ে বড় পর্দায় নিজের অভিনয়ের পরিসর বাড়ানোর চেষ্টা করছেন তিনি।

সব মিলিয়ে, নতুন ছবিতে ঐশীর স্নিগ্ধ উপস্থিতি যেমন প্রশংসা কুড়াচ্ছে, তেমনি তার ক্যাপশনের কথাগুলোও তৈরি করেছে বাড়তি আগ্রহ। বিশেষ করে চলচ্চিত্র নিয়ে লেখা সেই একটি বাক্য নতুন কাজের সম্ভাবনা নিয়ে দর্শকদের মনে প্রশ্ন জাগিয়েছে। তবে সেই কৌতূহলের উত্তর পেতে আপাতত অপেক্ষা করতে হবে অভিনেত্রীর পরবর্তী ঘোষণার জন্য।