২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাপ্তাহিক ছুটিতে পড়েছে ৭ দিন
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। নতুন বছরের জন্য সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে এর মধ্যে সাত দিন শুক্রবার ও শনিবার হওয়ায় সরকারি কর্মচারীরা কার্যত ২২ দিন ছুটি পাবেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন এবং নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে ১৫ দিন। সব মিলিয়ে সরকারি ছুটির সংখ্যা ২৯ দিন। এর মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবারে পড়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৭ সালে দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস, সংবিধিবদ্ধ সংস্থা, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এ ছুটির তালিকা অনুসরণ করা হবে। এর আগে গত সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।





