গ্রাম পুলিশ মহাসমাবেশে যাওয়ার পথে দুই সদস্যের মৃত্যু, আর্থিক সহায়তার ঘোষণা প্রতিমন্ত্রীর

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:০৭ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীতে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিতে আসার পথে অসুস্থ হয়ে দুই গ্রাম পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা ও চাকরির ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (৭ নভেম্বর) এ ঘটনা ঘটে। বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না

নিহত দুই গ্রাম পুলিশ সদস্য হলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মো. জমসেদ আলী (৪৭) এবং ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)।

জানা গেছে, মহাসমাবেশে যোগ দিতে আসার পথে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েন তারা। পরে দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া গরমে অসুস্থ হয়ে পড়া আরও কয়েকজন গ্রাম পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা: স্বাস্থ্যমন্ত্রী

সমাবেশ শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন অসুস্থ ও আহত গ্রাম পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় প্রতিমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে অসুস্থ ও আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি তাদের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে বলেও জানান তিনি।

পরে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান প্রতিমন্ত্রী। সরকারের পক্ষ থেকে প্রত্যেক পরিবারের জন্য তিন লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

এ ছাড়া নিহতদের পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার ঘোষণাও দেন প্রতিমন্ত্রী। সরকারি খরচে নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছানো এবং দাফন-কাফনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।