শ্রমিক অসন্তোষ: তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৩৬ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প এলাকায় ৩৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: রাজধানীর ফার্মগেটে বাসে আগুন, মেট্রো স্টেশন বন্ধ

শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরে চালু রয়েছে মনিটরিং সেল। এর মাধ্যমে মাঠপর্যায়ে মোতায়েন করা সদস্যদের কার্যক্রম সমন্বয়ের পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর প্রয়োজনীয় প্রস্তুতি ও তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।