নদীর পাড় কেটে তরমুজ খেতের বাঁধ নির্মাণ, ভাঙনের মুখে কৃষি জমি

Shahrier Islam Pallab
মোঃ জসীম উদ্দিন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৫৮ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তরমুজচাষের জন্য জমি প্রস্তুত করতে পটুয়াখালীর বাউফল উপজেলায় তেঁতুলিয়া নদীর পাড় থেকে  অবাধে মাটি কাটার অভিযোগ উঠেছে। ভেকু মেশিন দিয়ে মাটি কেটে তরমুজ খেত রক্ষায় বাঁধ নির্মাণ করছেন প্রভাবশালী চাষিরা। এতে নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে। কমছে আবাদ যোগ্য জমি। হুমকির মুখে পড়ছে উপকূলীয় অঞ্চলের কৃষি। স্থানীয়দের অভিযোগ, অন্তত ২০টি চরে ভেক ুমেশিন দিয়ে নদীর পাড়ের মাটি কাটা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বাউফলের চর ফেডারেশন, চর শৌলা, ডুবা চর, আগলা চর, চর মোয়াজ্জেম, চর ব্যারেট, রায়সাহেব, দিয়ারাকচুয়া, চর নিমদী, চর মমিনপুর, মঠবাড়িয়ার চর ও চর বাসুদেব পাশাসহ বিভিন্ন চরে তরমুজ চাষের প্রস্তুতি চলছে। এসব এলাকায় প্রায় ৩৪ হাজার হেক্টর জমিতে তরমুজ আবাদের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১২ হেক্টর জমিতে আগাম জাতের তরমুজ চাষের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে।

আরও পড়ুন: চট্টগ্রামে তেলের গুদামে আগুন

জোয়ারের পানি থেকে খেত রক্ষায় নদীর পাড় ঘেঁষে বাঁধ নির্মাণের কাজ চলছে। আর এসব বাঁধ নির্মাণের জন্য নদীর পাড় থেকেই কাটা হচ্ছে মাটি।

তেঁতুলিয়া নদীতে নিয়মিত নৌকা ও ট্রলার চালায় এমন কমপক্ষে ৫জন মাঝি বলেন, গত কয়েক বছরে তরমুজ খেতের জন্য নদীর যে সকল পাড় কেটে বেরিবাঁধ করছেন নদীর সেই অংশেই ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। নদীর পাড় ভেঙ্গে নদীর গর্ভে চলে গেছে অনেক আবাদি জমি। এই তরমুজ চাষের সঙ্গে প্রত্যক্ষও পরোক্ষ জড়িত থাকে প্রভাবশালীরা।

আরও পড়ুন: সিলেটের রাতারগুল সীমান্তে সভা করেছিলেন রনজিত সরকার

সরেজমিনে দেখা যায়, তেঁতুলিয়া নদীর চন্দ্রদ্বীপ ও চর কালাইয়ার চর ফেডারেশনের, চর কালাইয়া ও চর বাইলা এলাকায় ভেকু মেশিন দিয়ে নদীর পাড়ের মাটি কেটে বেড়ি বাঁধ করছেন কৃষকরা। চর ফেডারেশনের পূর্ব পাশে প্রিন্স নামের এক চাষি প্রায় ৪০ একর জমি প্রস্তুত করছেন। তিনি চট্রগ্রাম থেকে ভেকু মেশিন ভাড়ায় এনে নদীর পাড় বেড়ি বাঁধ দিচ্ছেন।

এ বিষয়ে প্রিন্স জানান, তিনি স্থানীয় ওমর মুন্সী নামে এক ব্যক্তির কাছ থেকে জমি লিজ নিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে জমির মালিকদের কাছ থেকে ওমর মুন্সী কম দামে জমি এক বছরের জন্য লিজ নিয়ে তরমুজ চাষিদের কাছে বেশি দামে লিজ দিয়েছেন।

পরিবেশ বিষয়ক সংগঠন’ সেইভ দ্যা বি এ- র্বাডস’ এর পরিচালক এম এ বাশার বলেন, প্রতি বছর নদীর চরাঞ্চলে বিপুল পরিমাণ জমিতে তরমুজ চাষ করেন কৃষকেরা। বাংলাদেশ পানি আইন-২০১৩ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী নদীর তলদেশ ও তীর থেকে মাটি কাটা সম্পূর্ণ বেআইনি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এতে নদীর তলদেশ গভীর হয়ে পানির প্রবাহের গতি বেড়ে যায় এবং পাড়ে ভাঙন তীব্র হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বলেন, তরমুজ একটি অর্থকারীফসল। নদীর পাড় থেকে অপরিকল্পিত ভাবে মাটি কাটার কারণে নদীর পাড়ের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্থ হচ্ছে। এভাবে মাটি কাটা অব্যাহত থাকলে আবাদি জমি নদীগর্ভে বিলীন হওয়ার পাশাপাশি কৃষি নির্ভর মানুষের জীবিকা ওঝুঁকিতে পড়তে পারে। এতে স্বল্প মেয়াদে ফসল রক্ষার উদ্যোগ দীর্ঘমেয়াদে কৃষির জন্য ক্ষতির কারণ হতে পারে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইয়েদ মাহমুদ বুলবুল বলেন, মাটি কেটে খেতের বেরি বাঁধ করার জন্য অনেক কৃষক আবেদন করেছেন। আমরা সরজমিন যাচাই বাচাই করে ব্যবস্থা নিব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহম্মেদ বলেন, নদীর পাড় কেটে খেতের বেরি বাঁধ নির্মাণ করা কৃষকদের নিরুৎসাহিত করা হয়েছে। তার পড়েও যদি কেউ করে থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।