বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে রাজশাহী রেঞ্জ ডিআইজির মতবিনিময়

Shahrier Islam Pallab
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৫০ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করলেন রাজশাহী (পুলিশ কমিশনার) রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী। উক্ত সভাটি অনুষ্ঠিত হয় (১০ই নভেম্বর) বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী। বক্তব্যে তিনি বলেন যে, কিশোর গ্যাং গড়ে ওঠার জন্য পুলিশকে দায়ী করা ঠিক নয়। এই সমস্যা প্রতিরোধে স্থানীয় জনসাধারণের সচেতন হতে হবে। এছাড়াও পরিবারে সন্তানদের নৈতিক শিক্ষা নিশ্চিত করতে হবে এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে হবে।

আরও পড়ুন: চট্টগ্রামে তেলের গুদামে আগুন

তিনি আরও বলেন যে, কেউ জীবিকার তাগিদে আবার কেউ মাদকের নেশায় জড়িয়ে অপরাধে জড়ায়। বগুড়ার প্রায় ৪৫ লাখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ২ হাজার ২শ পুলিশ সদস্য কাজ করছে। সাংবাদিক ও পুলিশ সমন্বিত ভাবে কাজ করলে সমাজের বিভিন্ন অপরাধ, অনিয়ম ও অসংগতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত সম্পর্ক এবং তথ্য আদান-প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও দায়িত্বশীল পুলিশিং একটি সুন্দর, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করে।

এসময় উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিবিআই এর পুলিশ সুপার মমিরুজ্জামান, সিআইডি'র পুলিশ সুপার মোতাহার হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, বিএফইউজে নেতা মির্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক আবু সাঈদ, সবুর শাহ লোটাস, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আকন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা।

আরও পড়ুন: সিলেটের রাতারগুল সীমান্তে সভা করেছিলেন রনজিত সরকার

মতবিনিময় সভায় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পেশাগত সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনস্বার্থে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।