শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না: রিজভী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৪৫ পূর্বাহ্ন, ২১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সম্মিলিত গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চায় না বিএনপি। ভিন্নমত দমনে ক্রসফায়ার বা গুম-খুনের পথ বেছে নেওয়া হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেন, দেশে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে কাজ চলছে, যাতে আর কোনো দিন শেখ হাসিনার মতো ফ্যাসিবাদের উত্থান না ঘটে।

আরও পড়ুন: ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

শুক্রবার (২০ নভেম্বর) যশোর জেলা পরিষদ মিলনায়তনে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, দেশের মানুষ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ চেয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। শেখ হাসিনার মতো গুম-খুন ও ক্রসফায়ারের মাধ্যমে ভিন্নমত দমনের বিশ্বাস এই সরকার করে না।

আরও পড়ুন: জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

দেশে গণতন্ত্রবিরোধী শক্তি অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে যাওয়া ব্যক্তি দেশের বাইরে অবস্থান করেও ভেতরে মদদ দিচ্ছেন। তার বিপুল অর্থসম্পদ রয়েছে, যা বিদেশে পাচার করেছেন। দেশের ভেতরেও তার অনেক অর্থ ও অনুসারী রয়েছে।

রিজভীর অভিযোগ, এসব অনুসারী সন্ত্রাসী ও টোকাইদের ব্যবহার করে মানুষের বাড়িঘর ও গাড়িতে আগুন দিচ্ছে।

প্রয়াত বিএনপি নেতা তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করে রিজভী বলেন, তিনি ছিলেন একজন পূর্ণাঙ্গ রাজনীতিবিদ। ছাত্রজীবন থেকে নানা সংগ্রাম, ঘাত-প্রতিঘাত ও অভিজ্ঞতার মধ্য দিয়ে ধাপে ধাপে জাতীয় পর্যায়ের রাজনীতিতে উঠে এসেছেন। রাজনীতি ছাড়া অন্য কোনো পেশার কথা তিনি ভাবেননি।

তিনি বলেন, তরিকুল ইসলামের নেতৃত্বে অসাধারণ প্রজ্ঞা ও বৈশিষ্ট্য ছিল। ছাত্রজীবন থেকেই রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে তিনি নিজেকে একজন ধ্রুপদি রাজনীতিবিদ হিসেবে গড়ে তোলেন। সরকারের বিভিন্ন দায়িত্ব পালন এবং দলের ও দেশের সংকটময় সময়ে কর্মসূচি বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

রিজভী আরও বলেন, তরিকুল ইসলাম প্রগতিশীল ছাত্ররাজনীতি করেছেন এবং জাতীয় রাজনীতিতে মওলানা ভাসানীর শিষ্য হিসেবে পরিচিত ছিলেন। আজীবন কায়েমি স্বার্থবাদীদের বিরুদ্ধে কাজ করেছেন তিনি। গণতান্ত্রিক সংগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহকর্মী হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলসহ অন্য নেতারা।