মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:২৬ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৪২ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধের আশঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্ট। এর ফলে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরদার হয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে কয়েকশ যুদ্ধবিমান, প্রায় ২০ হাজার নাবিক ও মেরিন সেনা অবস্থান করছেন।

সংবাদমাধ্যম এক্সিওস ও ইসরায়েলের চ্যানেল-১২-এর সাংবাদিক বারাক রেভিড মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: ‘ইরান কিউবা নয় যে অবরুদ্ধ করবে, ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণে বাধ্য হবে’

ইউএসএস রুজভেল্টের আগমনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে একই সময়ে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরী অবস্থান করছে। এমন পরিস্থিতি বেশ অস্বাভাবিক। এর আগে গত এপ্রিলে মধ্যপ্রাচ্যে একই সময়ে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন করা হয়েছিল। ২০০৩ সালের পর সেটিই ছিল প্রথম ঘটনা।

ইউএসএস রুজভেল্টের আগে মধ্যপ্রাচ্যে অবস্থান করছিল ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটন। পাশাপাশি তিনটি মার্কিন টাস্কফোর্সও এ অঞ্চলে মোতায়েন রয়েছে।

আরও পড়ুন: ইসরাইলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

এর আগে ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের সময় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন অভিযানে নেতৃত্ব দিয়েছিল। যুদ্ধ বন্ধ হওয়ার পর ওই জাহাজের নাবিকদের বিশ্রামের সুযোগ দিতে অন্য বিমানবাহী রণতরী ও যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পাঠানো হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়ে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে। টানা ৪০ দিন সংঘাত চলার পর পাকিস্তানের মধ্যস্থতায় গত জুনে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে সেই যুদ্ধবিরতি শেষ পর্যন্ত কার্যকর হয়নি। যদিও বর্তমানে দুই পক্ষের মধ্যে সরাসরি হামলা ও পাল্টা হামলা বন্ধ রয়েছে।

তবে পরিস্থিতির যেকোনো সময় অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করল ইউএসএস রুজভেল্ট। এর আগে একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছিল, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সামরিক অভিযান শুরু করলে তাতে অংশ নিতে পারে এই বিমানবাহী রণতরী।

সূত্র: এপি