আন্তর্জাতিক মঞ্চ মাতালেন তাসনিম আনিকা
আন্তর্জাতিক ফুটবল আয়োজনের বর্ণিল মঞ্চে এবার সংগীতের মূর্ছনা ছড়ালেন এসময়ের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তাসনিম আনিকা। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানের কনসার্টে এককভাবে সংগীত পরিবেশন করেছেন তিনি। গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত এই আয়োজনে প্রায় ১৪ মিনিটের পরিবেশনায় গান ও নৃত্যের সমন্বয়ে দর্শকদের সামনে হাজির হন এই শিল্পী। দক্ষিণ এশিয়ার দেশগুলোর অংশগ্রহণে আয়োজিত আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার এমন বড় মঞ্চে পারফর্ম করার অভিজ্ঞতা তাঁর সংগীতজীবনে যোগ করেছে নতুন মাত্রা।
সাফ চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানকে ঘিরে জাতীয় স্টেডিয়ামে ছিল উৎসবমুখর পরিবেশ। ফুটবলের উত্তেজনার পাশাপাশি দর্শকদের জন্য আয়োজন করা হয় বিশেষ কনসার্টের। বড় এই আয়োজনে নিজের পরিবেশনা নিয়ে আগে থেকেই ছিল তাসনিম আনিকার বিশেষ প্রস্তুতি ও পরিকল্পনা। পোশাক থেকে শুরু করে পরিবেশনার নানা বিষয়েও রেখেছিলেন নিজের সৃজনশীলতার ছাপ।
আরও পড়ুন: কর্মঘণ্টা ইস্যুতে দীপিকার পাশে দাঁড়ালেন আলিয়া ভাট
এমন আন্তর্জাতিক আয়োজনের মঞ্চে পারফর্ম করতে পেরে উচ্ছ্বসিত তাসনিম আনিকা। তাঁর ভাষায়, ‘এত বড় একটি আন্তর্জাতিক ফুটবল আয়োজনের সমাপনী অনুষ্ঠানে এককভাবে পারফর্ম করার সুযোগ পাওয়া আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এটি ছিল অনেক বড় একটি মঞ্চ। আমি বড় মঞ্চে পারফর্ম করতে ভীষণ ভালোবাসি। বিশেষ করে যেখানে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, সেই মাঠে গান গাওয়ার অভিজ্ঞতা ছিল অসাধারণ, এককথায় জাদুকরী।’
আরও পড়ুন: ‘দুই চরিত্রের তুলনা চলে না’, কেন বললেন আয়ুষ্মান?
জাতীয় স্টেডিয়ামে এবারই প্রথম নয়, এর আগেও দুবার পারফর্ম করেছেন তাসনিম আনিকা। গত বছর বাংলাদেশ ও হংকং এবং বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছিলেন তিনি। তবে এবারের অভিজ্ঞতাকে কিছুটা আলাদা মনে করছেন এই শিল্পী। তাঁর কথায়, ‘এর আগে জাতীয় স্টেডিয়ামে আরও দুবার পারফর্ম করেছি। তবে এবার সাফ চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে এককভাবে গান গাওয়ার অভিজ্ঞতা ছিল একেবারেই অন্য রকম। প্রায় ১৪ মিনিটের পরিবেশনা ছিল আমার। সঙ্গে ছিল ‘ইগলস’ ড্যান্স গ্রুপ। আমরা সবাই মিলে বিশেষভাবে পরিবেশনাটি তৈরি করেছি।’
নিজের পরিবেশনা নিয়ে আগে থেকেই বেশ কিছু পরিকল্পনা ছিল আনিকার। মঞ্চের সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাকও নিজেই ডিজাইন করেছেন। আন্তর্জাতিক পরিসরে সম্প্রচারের বিষয়টি তাঁর প্রস্তুতিতে বাড়তি গুরুত্ব যোগ করেছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেহেতু এটি একটি আন্তর্জাতিক মঞ্চ ছিল এবং প্রায় ১৫০টি দেশে অনুষ্ঠানটি সম্প্রচার হয়েছে, তাই আমার কাছে বিষয়টি আরও বিশেষ ছিল। পারফরম্যান্স নিয়ে অনেক পরিকল্পনা ছিল। এমনকি আমার পোশাকটিও নিজেই ডিজাইন করেছি।’
পরিবেশনা শেষে দর্শকদের কাছ থেকে পাওয়া প্রশংসাও তাঁকে আনন্দিত করেছে। বিশেষ করে বিদেশি দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাসনিম আনিকা বলেন, ‘অনুষ্ঠানের পর বিভিন্ন জায়গা থেকে আমার কাছে অনেক বার্তা এসেছে। সেখানে উপস্থিত বিশেষ করে পাকিস্তানি দর্শকেরা আমার পরিবেশনার প্রশংসা করেছেন। পারফর্ম করে বের হওয়ার সময় তাঁরা বলেছেন, খুব ভালো পরিবেশনা হয়েছে, তাঁরা সত্যিই উপভোগ করেছেন। সব মিলিয়ে পুরো আয়োজনটি আমার কাছে ছিল মুগ্ধকর ও অসাধারণ এক অভিজ্ঞতা।’





