আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ‘সেবা মাস-২০২৬’ উদ্বোধন, সদস্যসেবায় আধুনিকায়নের গুরুত্ব

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৩৯ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্য ও তাঁদের পরিবারের আর্থসামাজিক উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে মাসব্যাপী ‘সেবা মাস-২০২৬’ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে বাহিনীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক ও ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

আরও পড়ুন: ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি

১৯ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী এ কর্মসূচি চলবে। এ সময় ব্যাংকের সব শাখায় গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ, আমানত ও ঋণসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, শেয়ার-সংক্রান্ত তথ্য হালনাগাদ, ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং গ্রাহকদের সমস্যা দ্রুত সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

একই সঙ্গে বাহিনীর প্রান্তিক পর্যায়ের সদস্যদের ব্যাংকিং সেবার আওতায় এনে তাঁদের সঙ্গে ব্যাংকের আর্থিক সম্পর্ক আরও সুদৃঢ় করার কার্যক্রম পরিচালনা করা হবে।

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে সন্ত্রাসবিরোধী মহড়া: অস্ত্র উদ্ধার, আটক ৪ অনুপ্রবেশকারী

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক একটি বিশেষায়িত রাষ্ট্রায়ত্ত ব্যাংক। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্য ব্যাংকটির মূল প্রাণশক্তি ও ঋণের প্রধান অংশীদার।

তিনি বলেন, অতীতে সদস্যদের সঙ্গে ব্যাংকের যে দূরত্ব তৈরি হয়েছিল, ‘সেবা মাস’-এর মাধ্যমে তা দূর করতে হবে। ব্যাংককে প্রান্তিক পর্যায়ের সদস্য ও তাঁদের পরিবারের আর্থসামাজিক উন্নয়ন এবং জীবনমান পরিবর্তনের সেতুবন্ধন হিসেবে কাজ করতে হবে। এ জন্য ব্যাংকের কার্যক্রম আরও বেশি সদস্যকেন্দ্রিক করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ব্যাংকিং সেবার আধুনিকায়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল রূপান্তরের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান মহাপরিচালক।

তিনি বলেন, ইতোমধ্যে কোর ব্যাংকিং সিস্টেম (CBS) বাস্তবায়নের ৬০ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে। আগামী ২০২৭ সালের মার্চের মধ্যে পূর্ণাঙ্গ কোর ব্যাংকিং কার্যক্রম চালু করা হবে।

এর ফলে অঙ্গীভূত ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের বেতন-ভাতা এবং আভি-কারুপণ্যের বাংলা কিউআর পেমেন্ট অন্য ব্যাংকের পরিবর্তে নিজস্ব ব্যাংকের মাধ্যমে পরিচালিত হবে।

প্রাতিষ্ঠানিক সংস্কার, দক্ষ মানবসম্পদ ও সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে মহাপরিচালক বলেন, দক্ষ মানবসম্পদ ও সুশাসন ছাড়া কোনো প্রতিষ্ঠান এগিয়ে যেতে পারে না। এ জন্য ব্যাংকের এইচআর পলিসি সংস্কারের পাশাপাশি দীর্ঘদিনের অনিয়ম ও ভুয়া সনদধারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইতোমধ্যে পেনশনভোগীসহ সংশ্লিষ্টদের পেনশন স্থগিত এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন থেকে কোনো অনিয়ম বা আন্তঃকলহের সুযোগ থাকবে না। পদোন্নতি ও প্রণোদনা দেওয়া হবে কেবল মেধা ও দক্ষতার ভিত্তিতে।

সদস্যদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ‘সঞ্জীবন’ প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন মহাপরিচালক। তিনি জানান, এক লাখ সদস্যকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে এ প্রকল্পের আওতায় ৮ শতাংশ সুদে দলগত ও উৎপাদনমুখী ঋণ কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে।

আগে যেসব ব্যাটালিয়ন আনসার সদস্য এ ঋণের আওতার বাইরে ছিলেন, পাইলটিংয়ের মাধ্যমে তাঁদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। ঋণ কার্যক্রমের ঝুঁকি ব্যবস্থাপনায় ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে শেয়ার রিজার্ভের ব্যবস্থাও রাখা হয়েছে।

সমন্বিত আর্থিক ও কল্যাণমূলক সেবা নিশ্চিত করার বিষয়ে মহাপরিচালক বলেন, ডাটাবেজ ও ইআরপি নিবন্ধনের মাধ্যমে বাহিনীতে যুক্ত হওয়ার পর থেকেই একজন সদস্য ব্যাংকের শেয়ার এবং ওয়েলফেয়ার ট্রাস্টের বহুমুখী সেবা একই ছাতার নিচে পাচ্ছেন।

এসব সেবার মধ্যে রয়েছে দক্ষতা উন্নয়ন, জাপানসহ বিভিন্ন দেশে নিরাপদ কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ এবং চাকরিজীবীদের জন্য সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ‘সমৃদ্ধি ঋণ’। রেমিট্যান্স ও ওয়েলফেয়ার ট্রাস্টের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে সদস্যদের নিরাপদ ভবিষ্যৎ ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

‘সেবা মাস-২০২৬’ উদ্বোধন উপলক্ষে ব্যাংকের সেবার পরিধি সম্প্রসারণ ও বাহিনীর সদস্যদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে কয়েকটি জনকল্যাণমূলক কার্যক্রম চালু করা হয়েছে।

এর মধ্যে রয়েছে ‘সঞ্জীবন প্রকল্প’-এর আওতায় সদস্যদের মধ্যে শেয়ার বণ্টন, কলেজ পর্যায়ে ভিডিপি প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় শেয়ার বিক্রয় কার্যক্রমের সার্টিফিকেট বিতরণ, সঞ্জীবন ঋণ বিতরণ এবং বৈদেশিক কর্মসংস্থান ঋণ কার্যক্রমের উদ্বোধন।

এ উপলক্ষে বেতাগী, বরগুনায় ‘বেতাগী সঞ্জীবন প্রকল্প’-এর আওতায় ৩২ সদস্যের একটি দলকে ৮ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়নের ৪১ সদস্যের ‘পরিবার স্বনির্ভর সঞ্জীবন প্রকল্প’-এর আওতায় দেওয়া হয়েছে ৮ লাখ ২০ হাজার টাকা।

এ ছাড়া ময়মনসিংহের তারাকান্দা এলাকার জাপানে চাকরির সুযোগ পাওয়া আনসার-ভিডিপির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য হোসনে মোকাম্মেল জিহাদকে বৈদেশিক কর্মসহায়ক ঋণ হিসেবে ৩ লাখ টাকা দেওয়া হয়েছে।

এসব উদ্যোগের মাধ্যমে সদস্যদের আর্থিক অংশগ্রহণ বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনমুখী বিনিয়োগ এবং বিদেশে কর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনসহ বাহিনী ও ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।