১২ দিনে দেশের ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৩৯ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা বেড়েছে। গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারাদেশে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের বিভিন্ন স্থাপনা ও যানবাহনেও হামলা চালানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, গত ১২ দিনে সারাদেশে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া পুলিশের ১৮টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। দুটি পুলিশ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং একটি পুলিশ গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

একই সময়ে দেশের বিভিন্ন স্থানে ৭৮টি ককটেল বিস্ফোরণ ও ৭৪টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আরও পড়ুন: গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা, গোপালগঞ্জে সবচেয়ে বেশি

এসব নাশকতামূলক ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোতে জড়িত থাকার অভিযোগে ৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে সংঘটিত সব ঘটনার বিপরীতে মোট কতটি মামলা হয়েছে, তা পুলিশের তথ্যে পৃথকভাবে উল্লেখ করা হয়নি।

নাশকতার এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে গণপরিবহনে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

নাশকতায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি এসব কর্মকাণ্ডের পরিকল্পনাকারী, সংগঠক এবং অর্থায়নের উৎস খুঁজে বের করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং দ্রুত সাড়া দেওয়ার মতো কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ দল যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে।

কামারুম মুনিরা আরও বলেন, কাউকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর সুযোগ দেওয়া হবে না। কেউ নাশকতা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।