চিকিৎসকদের কমিশন বাণিজ্যের ফাঁদে দিশেহারা রোগীরা

Any Akter
শামসুজ্জামান শামস
প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫১ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

# বছরে চিকিৎসকদের কমিশন বাণিজ্য ১ হাজার ৮৬১ কোটি টাকা

# সরকারি হাসপাতালে ৪০ শতাংশ চিকিৎসক অনুপস্থিত

আরও পড়ুন: রেমিট্যান্স বাড়ায় স্বস্তি ফিরেছে ডলার বাজারে

# চিকিৎসকেরা ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন পান

# বাংলাদেশে চিকিৎসা নিতে গিয়ে বছরে ৬২ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবর্তনে প্রধানমন্ত্রীর কূটনৈতিক তৎপরতা

চিকিৎসা একটি মহান পেশা এবং চিকিৎসকেরা সমাজে আস্থার প্রতীক হিসেবে পরিচিত। কিন্তু সাম্প্রতিক সময়ে আমাদের স্বাস্থ্য খাতে ‘কমিশন বাণিজ্য’ নামক এক অনৈতিক চর্চা সাধারণ মানুষের সেই আস্থায় বড় ধরনের চিড় ধরিয়েছে। রোগীদের অসহায়ত্বকে পুঁজি করে একশ্রেণির অসাধু চিকিৎসক, ডায়াগনস্টিক সেন্টার এবং ওষুধ কোম্পানির মধ্যে গড়ে ওঠা এই অশুভ চক্র দেশের স্বাস্থ্যসেবাকে চরম ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। বর্তমানে চিকিৎসা নিতে গেলে রোগীদের প্রায়ই এক গাদা প্যাথলজিক্যাল টেস্ট বা রোগ নির্ণয় পরীক্ষার প্রেসক্রিপশন ধরিয়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, এর একটি বড় অংশই প্রয়োজনের অতিরিক্ত। মূলত নির্দিষ্ট বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠানোর বিনিময়ে চিকিৎসকেরা প্রতিটি পরীক্ষার ফি’র ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন পেয়ে থাকেন।

বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে, কেবল ডায়াগনস্টিক পরীক্ষার কমিশন বাণিজ্যের মাধ্যমেই বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকার মতো বিশাল অঙ্কের অর্থ লেনদেন হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ বৈশ্বিক প্রতিবেদনের তথ্য বলছে, চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে বাংলাদেশের ২৪ শতাংশ মানুষ বিপর্যয়ের মধ্যে পড়ছে। শুধু চিকিৎসা করাতে গিয়ে প্রতিবছর ৬২ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে। ১৬ শতাংশ খানা (এক পাকে খাবার খায় এবং একসঙ্গে বাস করে এমন পরিবার) বিনা চিকিৎসায় থাকছে। ডাক্তারদের প্রেসক্রিপশনকে ঘিরে এক অঘোষিত কমিশন বাণিজ্য তৈরি হয়েছে। রাজধানীসহ সারা দেশের হাসপাতাল, ক্লিনিকগুলোতে গেলে চোখে পড়বে বিভিন্ন ওষুধ কম্পানির বিক্রয় প্রতিনিধিদের দৌরাত্ম্য। ওষুধ কম্পানিগুলো নিজেদের বাজার বাড়াতে মরিয়া হয়ে থাকে। এই লক্ষ্য পূরণের জন্য তারা এমআরদের মাধ্যমে চিকিৎসকদের প্রভাবিত করার চেষ্টা করে। কম্পানিগুলো এমআরদের জন্য বাড়তি বিক্রির লক্ষ্য বেঁধে দেয়, যা পূরণে তারা চিকিৎসকদের কাছে বিভিন্ন ধরনের ওষুধের স্যাম্পল, উপহার, বিদেশভ্রমণ বা সেমিনারে অংশগ্রহণের প্রস্তাব দেয়।

এতে চিকিৎসকরা অনেক সময় অপ্রয়োজনীয় ওষুধও প্রেসক্রিপশনে যোগ করেন, যা রোগীর খরচ বাড়িয়ে দিচ্ছে। ঢাকার এক অভিজ্ঞ চিকিৎসক (নাম প্রকাশে অনিচ্ছুক) বললেন, ডাক্তাররা গাড়ি-বাড়ি নিচ্ছে। আর লোন শোধ করছে ওষুধ কম্পানি। ঘুষ দেওয়ার খুবই আধুনিক একটা পদ্ধতি এটা। এগুলো ধরার উপায় নেই। এখন যতই সময় যাচ্ছে লোকজন বুদ্ধিমান হচ্ছে। এর মাধ্যমে দুটি ঝুঁকি। এক. দাম বেড়ে যাচ্ছে ওষুধের। আরেকটা হচ্ছে, কম কার্যকর, বেশি ক্ষতিকর, বেশি পার্শ্বপ্রতিক্রিয়া যুক্ত ওষুধ রোগীর শরীরে প্রবেশ করছে। এতে রোগীর শরীরের কোনো অংশের স্থায়ী ক্ষতি হতে পারে, কিডনিসহ নানা অঙ্গপ্রত্যঙ্গ নষ্ট হতে পারে। রোগী মারাও যেতে পারে। ১৯৮২ সালের ওষুধ নীতিতে অনৈতিক বিপণন বন্ধের কথা বলা হলেও বন্ধ হয়নি। সমস্যাটা এত ব্যাপক, এত গভীর এবং এত বেশিসংখ্যক লোক এটার সুবিধাভোগী, এতে নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন ব্যাপার।’ সরকারি হাসপাতালের চিকিৎসাসেবায় নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) গবেষণায়। কর্মস্থলে চিকিৎসকদের অনুপস্থিতি থেকে শুরু করে রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর নামে কমিশন বাণিজ্য—সব মিলিয়ে স্বাস্থ্য খাতের জবাবদিহি নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। গবেষণার তথ্য অনুযায়ী, আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে হাসপাতালে পাওয়া যায়নি।

অন্যদিকে, রোগীদের বাইরে পরীক্ষা করানোর পরামর্শ দিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকেরা পরীক্ষার ফি’র ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নিচ্ছেন। চিকিৎসা সরঞ্জাম কেনাকাটাতেও উঠে এসেছে বড় ধরনের অনিয়মের অভিযোগ। গবেষণার হিসাব অনুযায়ী, দেশের বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের কমিশন লেনদেনের পরিমাণ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে। এ ছাড়া কেন্দ্রীয় ঔষধাগরের (সিএমএসডি) কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার আর্থিক ক্ষতি এবং ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে থাকার তথ্যও উঠে এসেছে। কোনো কোনো সরঞ্জাম বাজারমূল্যের তুলনায় ১৮ গুণ বেশি দামে কেনার নজির পাওয়া গেছে।

গত রবিবার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রকাশিত বিএইচডব্লিউর ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ডা. শামস এল আরেফিন বলেন, স্বাস্থ্য খাতে দুর্নীতির পেছনে দুর্বল সুশাসন, জবাবদিহি ছাড়াই অতিরিক্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, স্বার্থের সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং তদারকিব্যবস্থার সমন্বয়হীনতা কাজ করছে। পাশাপাশি অনিয়মকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করার প্রাতিষ্ঠানিক সংস্কৃতিও দুর্নীতিকে উৎসাহিত করছে।

তিনি বলেন, শুধু আইন প্রয়োগ করে দুর্নীতি দূর করা সম্ভব নয়। সততা ও নৈতিকতাকে প্রাতিষ্ঠানিক সংস্কৃতির অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়াই সমস্যার একমাত্র সমাধান নয়। স্বাস্থ্য খাতের সামগ্রিক কাঠামোতে সংস্কার আনতে হবে। তার মতে, আর্থিক অনিয়ম কিংবা দরপত্রে কারসাজির পাশাপাশি বিশেষ কোনো গোষ্ঠীর স্বার্থে নীতি ও কৌশল প্রভাবিত করাও দুর্নীতির অংশ। প্রতিবেদনে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে রোগীদের বিভিন্ন ধরনের অনিয়ম ও হয়রানির শিকার হওয়ার চিত্র তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে দালালের মাধ্যমে সেবা গ্রহণে বাধ্য করা, শয্যা বরাদ্দ ও হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার বিনিময়ে অবৈধ অর্থ আদায় এবং রোগীদের বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো। চিকিৎসকদের মাধ্যমে রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর বিনিময়ে কমিশন গ্রহণের বিষয়টিও গবেষণায় বিশেষভাবে উঠে এসেছে।

এ খাতে বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকার লেনদেন হতে পারে বলে ধারণা করা হয়েছে। তবে এ পরিসংখ্যানের স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের অনুপস্থিতি স্বাস্থ্যসেবার অন্যতম বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে গবেষণাটি। আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। আরেকটি গবেষণায় প্রত্যন্ত অঞ্চলের কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের অনুপস্থিতির হার ৭০ শতাংশের বেশি পাওয়া গেছে। স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়ম কমাতে বেশকিছু কাঠামোগত সংস্কারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ হেলথ ওয়াচ। এর মধ্যে অন্যতম হলো রোগীদের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার বা চিকিৎসাপ্রতিষ্ঠানে পাঠানোর বিনিময়ে চিকিৎসকদের কমিশন গ্রহণ আইনত নিষিদ্ধ করা।

এ ছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসকদের আর্থিক সম্পর্কের তথ্য প্রকাশ বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তি এবং ক্ষতিপূরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরির কথাও বলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অতি কমিশনের লোভে ওষুধ লেখার সময় কম্পানির পরিবর্তে জেনেরিক নামে ওষুধ লেখার বাধ্যবাধকতা নিশ্চিত করতে হবে। স্বচ্ছ প্রাইসিং ফর্মুলা নিশ্চিত করতে কাঁচামাল, উৎপাদন, বিতরণ, মার্কেটিং সব ধাপে স্পষ্ট হিসাব প্রকাশ করতে হবে, উন্মুক্ত অনলাইন পোর্টালে প্রতিটি ব্র্যান্ড ও জেনেরিকের দাম প্রকাশ করতে হবে।