রেমিট্যান্স বাড়ায় স্বস্তি ফিরেছে ডলার বাজারে
# জুলাই থেকে ১১ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ ডলার
# গত চার মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৪৬ কোটি ডলার
আরও পড়ুন: চিকিৎসকদের কমিশন বাণিজ্যের ফাঁদে দিশেহারা রোগীরা
# নভেম্বর মাসের প্রথম ১১ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ১৫২ কোটি ৪০ লাখ ডলার
# ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে
আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবর্তনে প্রধানমন্ত্রীর কূটনৈতিক তৎপরতা
# গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ১৪ দশমিক ২ শতাংশ বেশি
দেশে রেমিট্যান্স পালে বইছে জোয়ার। দেশের ইতিহাসে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে। বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে। দীর্ঘদিনের ডলার সংকট কাটিয়ে দেশের বৈদেশিক মুদ্রাবাজারে এখন স্থিতিশীলতা বিরাজ করছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্সে ইতিবাচক প্রবৃদ্ধি বজায় থাকায় রিজার্ভ শক্তিশালী হয়েছে এবং আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা বেড়েছে। গত ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরেও সেই গতি অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা মোট ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। গত বছরের একই সময়ের তুলনায় এই প্রবাহ ১৪ দশমিক ২ শতাংশ বেশি। বিশেষ করে চলতি নভেম্বর মাসের প্রথম ১১ দিনে প্রবাসীরা ১৫২ কোটি ৪০ লাখ ডলার পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের চেয়ে ২৩ দশমিক ৯ শতাংশ বেশি। দেশভিত্তিক হিসাবে শীর্ষে রয়েছে সৌদি আরব, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত।
ব্যাংকগুলোতে বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ায় আন্তঃব্যাংক ও খোলা বাজারে ডলারের বিনিময় হার নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের গড় দর ১২৪ টাকা ৪৫ পয়সা থেকে ১২৪ টাকা ৭৫ পয়সার মধ্যে স্থিতিশীল রয়েছে। আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপণ্য ও জ্বালানি আমদানির চাপ বাড়লেও রেমিট্যান্সের শক্তিশালী জোগানের কারণে বাজারে কোনো অস্থিরতা তৈরি হয়নি। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজন অনুযায়ী বাজারে ডলার সরবরাহ করে দর স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে মোট ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে। রেমিট্যান্স পাঠানোর শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ে সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা দেশে সর্বোচ্চ ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৬১ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার এসেছে যুক্তরাজ্য থেকে।
শীর্ষ ১০ দেশের তালিকায় থাকা অন্য দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার, মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার, ইতালি থেকে ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার, কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার, ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ, সিঙ্গাপুর থেকে ৫৫ কোটি ৪ লাখ ৯০ হাজার এবং কাতার থেকে ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।
মাসভিত্তিক প্রবাহের হিসাব বিশ্লেষণে দেখা যায়, সর্বশেষ গত অক্টোবর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এর আগে সেপ্টেম্বর মাসে এসেছিল ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া অর্থবছরের প্রথম দুই মাস অর্থাৎ জুলাই ও আগস্টে যথাক্রমে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার এবং ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছিল।
চলতি নভেম্বর মাসের প্রথম ১১ দিনে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৯ শতাংশ রেমিট্যান্স বেড়েছে। প্রবাসীদের পাঠানো অর্থের এই প্রবাহে দেশের বৈদেশিক মুদ্রার বাজারে অনেকটা স্বস্তি ফিরেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১২৩ কোটি ১০ লাখ ডলার। আর চলতি নভেম্বরের ১১ দিনে এসেছে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ১১ নভেম্বর একদিনেই দেশে ১১ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। ১৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৮ হাজার কোটি টাকা ৫ দিনে রেমিট্যান্স এলো ৫১ কোটি ৩০ লাখ ডলার এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ হাজার ১৩৮ কোটি ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ২ শতাংশ।
রেমিট্যান্সের এই উল্লম্ফনের সরাসরি প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পরও দেশের মোট রিজার্ভ ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি অনুযায়ী নিট রিজার্ভ প্রায় ৩০ বিলিয়ন ডলারের ঘরে রয়েছে, যা দিয়ে প্রায় চার মাসের আমদানি ব্যয় অনায়াসে মেটানো সম্ভব। এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো এখন আগের চেয়ে সহজেই আমদানির ঋণপত্র বা এলসি খুলতে ও নিষ্পত্তি করতে পারছে। অর্থনীতিবিদ ও ব্যাংকারদের মতে, ব্যাংকিং চ্যানেলে ডলারের আকর্ষণীয় বিনিময় হার, সরকারের ২ দশমিক ৫ শতাংশ নগদ প্রণোদনা এবং হুন্ডির বিরুদ্ধে কঠোর নজরদারির ফলে প্রবাসীরা বৈধ পথে টাকা পাঠাতে উৎসাহিত হচ্ছেন। প্রবাসীদের পাঠানো এই অর্থ একদিকে যেমন দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য (ব্যালেন্স অব পেমেন্টস) রক্ষা করছে, অন্যদিকে গ্রামীণ অর্থনীতিতেও নগদ অর্থের প্রবাহ বাড়িয়ে স্থানীয় বাজারকে চাঙা রাখছে।
সংশ্লিষ্টদের ধারণা, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করা এবং দক্ষ জনশক্তি রপ্তানি বাড়ানো গেলে এই ইতিবাচক ধারা দীর্ঘমেয়াদে বজায় থাকবে। রেমিট্যান্সের ওপর ভর করে ডলারের বাজারের এই স্থিতিশীলতা দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সার্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।





