জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন, পুড়ল পুলিশের গাড়ি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে থানা ঘেরাও করে এ হামলা চালানোর অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় পুলিশের কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের দাবি, হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন হামলাকারীরা। রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা ও হামলার ঘটনা চলছিল বলে জানা গেছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নিতে মঙ্গলবার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা থানা ঘেরাও করেন।
এ সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে মধুবন বেকারি অ্যান্ড সুইটসকে ২ লাখ টাকা জরিমানা
একপর্যায়ে হামলাকারীদের ধাওয়ায় পুলিশ পিছু হটলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা থানার ভেতরে প্রবেশ করেন। সেখানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশের বেশ কয়েকটি গাড়ি আগুনে পুড়ে যায়।
এ বিষয়ে বক্তব্য জানতে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কল রিসিভ করেননি। ফলে হামলা ও অগ্নিসংযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।





