নেত্রকোণায় ডিএনসির চেকপোস্টে ৩৪ কেজি গাঁজাসহ আটক ২, জব্দ সিএনজি
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪৪ হাজার টাকা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর ফেনারগাতি এলাকায় আঠারোবাড়ী-কেন্দুয়া সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: নীলফামারীতে বিসিকের উদ্যোগে পাঁচদিন ব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি অভিযানিক দল ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় একটি নম্বরবিহীন সবুজ রঙের সিএনজিচালিত অটোরিকশা থেকে ৩৪ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ভালুকবেড় গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে মো. মনির উদ্দিন (৩৫) এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মিরারচর গ্রামের মো. আখের উদ্দিনের ছেলে মো. শাহ আলম।
আরও পড়ুন: ভয়াল ১২ নভেম্বর স্মরণে সভা ও দোয়া মাহফিল
অভিযানে আকাশি রঙের পলিথিন ও খাকি রঙের স্কচটেপে মোড়ানো ১৭টি পোটলায় ৩৪ কেজি গাঁজা, একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা এবং আইটেল ও সিম্ফনি ব্র্যান্ডের দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ২০ হাজার টাকা। অটোরিকশার মূল্য ৫ লাখ টাকা এবং মোবাইল ফোন দুটির মূল্য ২৪ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীন বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয় জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে মাদক কারবারিদের সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্যও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।





