ডেঙ্গু নিয়ন্ত্রণে ৫০ শতাংশ দায়িত্ব নাগরিকদের, ডিএসসিসি প্রশাসকের আহ্বান

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:৫৯ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের ওপর নির্ভর না করে নাগরিকদেরও সমান দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের ৫০ শতাংশ এবং নাগরিকদের ৫০ শতাংশ দায়িত্ব রয়েছে। সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর নগর ভবনের অডিটোরিয়ামে ডেঙ্গুর বর্তমান প্রবণতা, প্রতিরোধ এবং মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের উদ্ভাবনী কৌশল নিয়ে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: গাবতলীতে বাসের চাপায় প্রাণ গেল দুই নারীর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান। সভাপতিত্ব করেন জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. হামিদা খানম।

সেমিনারে ডিএসসিসি প্রশাসক বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে। গত মার্চ ও অক্টোবর মাসে পরিচালিত জরিপের তুলনামূলক চিত্রে দেখা গেছে, বিশেষ কার্যক্রমের ফলে আগে ঝুঁকিপূর্ণ থাকা কয়েকটি ওয়ার্ডের পরিস্থিতির উন্নতি হয়েছে।

আরও পড়ুন: মিরপুরে তিন বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

তবে জরিপে উদ্বেগজনক তথ্যও উঠে এসেছে। পরিদর্শন করা স্থানগুলোর প্রায় ৫০ শতাংশ এডিস মশার লার্ভা বসতবাড়ির আশপাশের বিভিন্ন জায়গায় পাওয়া গেছে। এ কারণে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেন তিনি।

আবদুস সালাম আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের পক্ষ থেকে মাইকিং, লিফলেট বিতরণ এবং মসজিদে প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কর্মসূচি চালানো হচ্ছে। তবে এসব উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজের বাড়ির ছাদ, আঙিনা, নির্মাণাধীন ভবন এবং এসির পানি জমার স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকার, সিটি করপোরেশন, সামাজিক সংগঠন এবং নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনকে জনসচেতনতামূলক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। এ ধরনের উদ্যোগে ডিএসসিসি সহযোগিতা করবে বলেও জানান প্রশাসক।

সেমিনারে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দেন। তাঁরা প্রতি শনিবার নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান। কোথাও পানি জমে মশার প্রজননস্থল তৈরি হচ্ছে কি না, সে বিষয়ে নিয়মিত নজর রাখার পরামর্শ দেন তাঁরা।

সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল ‘Current Trends of Dengue in Bangladesh: Prevention and Innovative Vector Control for Public Health Challenges’। এতে বাংলাদেশের ডেঙ্গুর সাম্প্রতিক প্রবণতা, প্রতিরোধের কার্যকর উপায়, মশার প্রজননস্থল নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক মশক নিয়ন্ত্রণ কৌশল নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে মশার জীবনচক্র ও মশক নিয়ন্ত্রণ বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার, আইসিডিডিআরবির সিনিয়র সায়েন্টিস্ট ড. শফিউল আলম এবং স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসির সিনিয়র এনটোমোলজিস্ট (পিআরএল) মো. রেজাউল করিম খান।

আয়োজকদের আশা, এ ধরনের বৈজ্ঞানিক আলোচনার মাধ্যমে গবেষণা, অভিজ্ঞতা ও বাস্তবভিত্তিক উদ্যোগের সমন্বয় ঘটবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, গবেষক এবং নগর ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বাড়বে।

অনুষ্ঠানে ডিএসসিসির সচিব মো. মশিউর রহমান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।