মিরপুরে তিন বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৫৬ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিরপুরে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাস তিনটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) রাতে শাহ আলী থানার চিড়িয়াখানা রোডে এবং একই দিন ভোরে পল্লবী থানার কালশী রোডের ফুলকলি মোড়ে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আরও পড়ুন: গাবতলীতে বাসের চাপায় প্রাণ গেল দুই নারীর

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, রাত ১২টা ৪৫ মিনিটের দিকে শাহ আলী থানার চিড়িয়াখানা রোডে জাহাঙ্গীর হোটেলের সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ ঘটনায় বাসটির পেছনের অংশের ১৪ থেকে ১৬টি আসন, আসনের কাভার, জানালার কাচ, পেছনের কাচ ও বডির কিছু অংশ পুড়ে গেছে। এতে আনুমানিক দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: ঢাবিতে ককটেল বিস্ফোরণে গাড়িচালক আহত, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে প্রশাসন

শাহ আলী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রিপন ঘটনাটি নিশ্চিত করে জানান, রাত আনুমানিক ১টার দিকে চিড়িয়াখানার পাশে পার্কিং করা একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের রাশেদ বিন খালেদ জানান, রাত ১টা ১৯ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। চিড়িয়াখানা সিটি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের খবর তাঁরা পেয়েছেন।

অন্যদিকে, বুধবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবী থানার মিরপুর সেকশন-১২-এর ফুলকলি মোড়ে সড়কের পাশে পার্কিং করে রাখা আরও দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাস দুটি হলো বিকল্প পরিবহন ও অভিজাত পরিবহন। পরে স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় বিকল্প পরিবহনের বাসটির সব আসন, কাচ ও বডি পুড়ে যায়। এতে আনুমানিক আট থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে, অভিজাত পরিবহনের বাসটির পেছনের দুটি জানালার কাচ, আসন ও আসনের কাভার পুড়ে গেছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাসে আগুন দিচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।