ঢাবিতে ককটেল বিস্ফোরণে গাড়িচালক আহত, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে প্রশাসন

Sadek Ali
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:১৭ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণে এক গাড়িচালক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে একটি গাড়ির কাচও ভেঙে যায়। আহত চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২ টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গাড়ির দরজা খুলতে যাওয়ার মুহূর্তে হঠাৎ ককটেলটির বিস্ফোরণ ঘটে। এতে চালক আহত হন। তবে ককটেলটি ঠিক কোন দিক থেকে নিক্ষেপ করা হয়েছে, তা কেউ নিশ্চিত করতে পারেননি। কেউ কেউ ভবনের ওপরের দিক থেকে এটি ছোড়া হয়ে থাকতে পারে বলে দাবি করেছেন।

আরও পড়ুন: টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে প্রতারণা, সিআইডির হাতে গ্রেপ্তার ২

এ ঘটনায় একাধিক ব্যক্তি আহত হওয়ার তথ্য পাওয়া গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তাঁদের কাছে কেবল গাড়িচালকের আহত হওয়ার খবর রয়েছে।

ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল আমিন বলেন, ‘গাড়িটি আমাদের পার্কিংয়ে রাখা ছিল। আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি। আমিও ঘটনাস্থলে ছিলাম এবং ফুটেজ দেখেছি। বিস্ফোরণে শুধু গাড়িচালক আহত হয়েছেন। শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।’

আরও পড়ুন: রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগ

তিনি আরও বলেন, ‘বিষয়টি প্রক্টর অফিসকে জানানো হয়েছে। থানায়ও খবর দেওয়া হয়েছে। পুলিশের বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত পরীক্ষা করলে ককটেলটি কোথা থেকে নিক্ষেপ করা হয়েছে, তা শনাক্ত করা সম্ভব হতে পারে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল প্রাং রতন বলেন, এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বর্তমানে ব্যবসায় শিক্ষা অনুষদে অবস্থান করছেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দ্রুত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি প্রয়োজনীয় আলামত পরীক্ষা করা জরুরি। এ ধরনের বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।