বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:৪৪ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানো এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন তিনি।

আরও পড়ুন: নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমরা আমাদের পথ দেখব: নাহিদ ইসলাম

বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, কৃষি খাতের উন্নয়ন এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে অ্যান্থনি আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকেও অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীও সুবিধাজনক সময়ে দেশটি সফরের আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে তারেক রহমান বলেন, এর প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও বিশেষভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে যথাযথ গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে কপ-৩১-এর চলমান আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন তিনি।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী অস্ট্রেলীয় বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ করে কৃষি খাতের উন্নয়ন ও সম্ভাবনা নিয়েও দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয়।

রোহিঙ্গা সংকটের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এ সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি এ বিষয়ে দেশটির কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

এ ছাড়া পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। এর মধ্যে দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণ এবং খাল খনন কর্মসূচির বিষয়টিও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।