হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়লো চারটি আসন
নেত্রকোণার মোহনগঞ্জে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বগিটির চারটি আসনের রেক্সিন কভার পুড়ে গেছে। তবে নির্ধারিত সময়েই ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ট্রেনের গার্ড ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: চট্টগ্রামে তেলের গুদামে আগুন
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। ট্রেন থামার পর যাত্রীরা নেমে যান। এ সময় ট্রেনের গার্ড ও কর্মীরাও খাবার খেতে বাইরে ছিলেন। ট্রেনটি ফাঁকা থাকার সুযোগে দুর্বৃত্তরা একটি বগিতে আগুন ধরিয়ে দেয়।
তিনি আরও জানান, স্টেশনের পশ্চিম পাশে প্ল্যাটফর্মের বাইরে থাকা 'ড' বগিতে আগুন দেওয়া হয়। বগিটির ওই অংশে সিসিটিভি ক্যামেরা না থাকায় আগুন দেওয়ার দৃশ্য ক্যামেরায় ধারণ হয়নি। আগুনে বগির ৫-৬ ও ১১-১২ নম্বর আসনের রেক্সিন কভার পুড়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: সিলেটের রাতারগুল সীমান্তে সভা করেছিলেন রনজিত সরকার
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, স্টেশনে দাঁড়িয়ে থাকা ফাঁকা ট্রেনের একটি বগিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে চারটি আসন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ট্রেনের কর্মী, রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান।
তিনি বলেন, যে বগিতে আগুন দেওয়া হয়েছে, সেটি সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অগ্নিকাণ্ডের কারণে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। নির্ধারিত সময় সকাল ৮টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে মোহনগঞ্জ স্টেশন ছেড়ে যায় হাওর এক্সপ্রেস।





