প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের ডাক

Sanchoy Biswas
রাশেদুল হক, আনতালিয়া (তুরস্ক) থেকে
প্রকাশিত: ৯:১৯ পূর্বাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:১৯ পূর্বাহ্ন, ১০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পৃথিবী ক্রমেই উত্তপ্ত হচ্ছে। কোথাও দাবদাহে পুড়ছে জনপদ, কোথাও ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে মানুষের ঘরবাড়ি ও ফসলের মাঠ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, হারিয়ে যাচ্ছে উপকূলের বসতি, বাড়ছে খাদ্যসংকট, বাস্তুচ্যুতি ও স্বাস্থ্যঝুঁকি।

জলবায়ু পরিবর্তনের অভিঘাত এখন আর কোনো নির্দিষ্ট দেশ কিংবা অঞ্চলের সমস্যা নয়; এটি পরিণত হয়েছে বিশ্বমানবতার অস্তিত্বের সংকটে। অথচ জলবায়ু সংকট মোকাবিলায় গত কয়েক দশকে একের পর এক আন্তর্জাতিক সম্মেলন, চুক্তি ও প্রতিশ্রুতি এলেও বাস্তবায়নের ক্ষেত্রে রয়ে গেছে বড় ধরনের ঘাটতি। উন্নত বিশ্বের প্রতিশ্রুত অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ক্ষতিপূরণ নিয়েও রয়েছে দীর্ঘদিনের অসন্তোষ। এমন এক বাস্তবতায় তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১। 

আরও পড়ুন: শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল

প্রথম দিনেই সম্মেলনের সভাপতি মুরাত কুরুম ঘোষণা দিয়েছেন, এবারের সম্মেলন হবে ‘ইমপ্লিমেন্টেশন কপ’ বা বাস্তবায়নের সম্মেলন। অর্থাৎ আলোচনার টেবিলে নতুন প্রতিশ্রুতির চেয়ে আগের অঙ্গীকার বাস্তবায়নের ওপরই বেশি গুরুত্ব দিতে চায় আয়োজক দেশ। খাদ্যনিরাপত্তা, কৃষি, পানি ব্যবস্থাপনা, স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ু অর্থায়ন উঠে এসেছে প্রথম দিনের আলোচনায়। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্য উৎপাদন ও মানুষের স্বাস্থ্যের ওপর বাড়তে থাকা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন   বিশ্বনেতা ও জলবায়ু বিশেষজ্ঞরা। বাংলাদেশের জন্য এবারের সম্মেলন বিশেষ গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ। 

অথচ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশ। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, বন্যা ও তাপপ্রবাহের মতো সংকট প্রতিনিয়ত মানুষের জীবন ও জীবিকাকে বিপন্ন করছে। তাই জলবায়ু ন্যায্যতা, অনুদানভিত্তিক অর্থায়ন, লস অ্যান্ড ড্যামেজ বা ক্ষয়ক্ষতির অর্থায়ন এবং প্রযুক্তি হস্তান্তরের দাবি নিয়ে এবারের সম্মেলনে সক্রিয় ভূমিকা নিতে যাচ্ছে ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের আনতালিয়ায় পৌঁছে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক অঙ্গীকারের এই মঞ্চ থেকে জলবায়ু বিপন্ন দেশগুলোর জন্য কতটা বাস্তব সুফল আসে। 

আরও পড়ুন: হোয়াইট হাউসের কাছে পরপর নিরাপত্তা লঙ্ঘন, আটক ২

গতকাল ৯ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন কপ-৩১। আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে দুই সপ্তাহের এ সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ, বিজ্ঞানী, পরিবেশকর্মী, উন্নয়ন সহযোগী, বেসরকারি সংস্থা ও তরুণ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। 

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে সভাপতি ও তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম বলেন, জলবায়ু পরিবর্তনকে এখন আর বিচ্ছিন্ন কোনো সংকট হিসেবে দেখার সুযোগ নেই। যুদ্ধ, ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক অনিশ্চয়তা, ঋণের চাপ, খাদ্যনিরাপত্তাহীনতা, প্রযুক্তিগত পরিবর্তন এবং অর্থ ও প্রযুক্তিতে বৈষম্যের সঙ্গে জলবায়ু সংকট পরস্পরের সঙ্গে জড়িয়ে পড়েছে। তাঁর ভাষায়, একটি সংকট অন্য সংকটকে আরও ভয়াবহ করে তোলে। 

তিনি বলেন, বিশ্বের এক প্রান্তের খরা অন্য প্রান্তের মানুষের খাবারের টেবিলেও প্রভাব ফেলছে। বন্যা, পানির সংকট ও অতিরিক্ত তাপমাত্রা শুধু কৃষি উৎপাদন নয়, সরবরাহব্যবস্থা, অর্থনীতি, অভিবাসন, নগরজীবন এবং জনস্বাস্থ্যকেও ক্ষতিগ্রস্ত করছে। 

কুরুম বলেন, প্যারিস চুক্তির আওতায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্রাক্-শিল্পযুগের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য এখনো আন্তর্জাতিক জলবায়ু কার্যক্রমের প্রধান নির্দেশক। বিজ্ঞান যা বলছে, তা বিবেচনায় নিয়েই দেশগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। তিনি এবারের সম্মেলনকে ‘ইমপ্লিমেন্টেশন কপ’ হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। তাঁর মতে, সম্মেলনের সাফল্য শুধু আলোচনার কক্ষে গৃহীত সিদ্ধান্ত দিয়ে বিচার করা যাবে না; বরং মানুষের জীবনে তার কী পরিবর্তন এল, সেটিই হবে সাফল্যের প্রকৃত মাপকাঠি। বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থায়নে গুরুত্ব উদ্বোধনী বক্তব্যে জ্বালানি রূপান্তর ও বিদ্যুতায়নের ওপর বিশেষ গুরুত্ব দেন কুরুম। তিনি তুরস্কের ‘৩৫ বাই ৩৫’ বৈশ্বিক বিদ্যুতায়ন অঙ্গীকারের কথা তুলে ধরেন। এর লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করা। এ লক্ষ্য অর্জনে নবায়নযোগ্য জ্বালানি, শক্তিশালী বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা, জ্বালানি সংরক্ষণ, জ্বালানির দক্ষ ব্যবহার, পরিচ্ছন্ন পরিবহন ও পরিবেশবান্ধব শিল্পায়নকে পরস্পরের পরিপূরক হিসেবে দেখার আহ্বান জানান তিনি। 

জলবায়ু অর্থায়নের বিষয়ে কুরুম বলেন, বাকু সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর জন্য ২০৩৫ সাল নাগাদ বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার অর্থায়নের লক্ষ্য নির্ধারিত হয়েছে। পাশাপাশি সব উৎস থেকে জলবায়ু অর্থায়ন বছরে অন্তত ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার আহ্বান রয়েছে। এখন এসব প্রতিশ্রুতিকে বিনিয়োগ ও বাস্তব ফলাফলে পরিণত করতে হবে।

তিনি বলেন, প্রতিশ্রুতির সঙ্গে অর্থের সংস্থান থাকতে হবে। সেই অর্থ দিয়ে বিনিয়োগ করতে হবে এবং বিনিয়োগের মাধ্যমে বাস্তব পরিবর্তন আনতে হবে। 

ক্রিস বোয়েন ও সাইমন স্টিয়েলের বক্তব্য কপ-৩১-এর আলোচনাপ্রক্রিয়ার সভাপতি ও অস্ট্রেলিয়ার মন্ত্রী ক্রিস বোয়েন বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য আন্তর্জাতিক সহযোগিতা কতটা কার্যকর হতে পারে, তা দেখানোর সুযোগ তৈরি করেছে এবারের সম্মেলন। তিনি অর্থায়ন ও বিনিয়োগের সুযোগ বাড়ানো, বিদ্যুতায়ন ত্বরান্বিত করা এবং সমুদ্র ও প্রকৃতিকে জলবায়ু সুরক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনার ওপর জোর দেন। 

তাঁর মতে, জলবায়ু প্রতিশ্রুতিকে বাস্তব অবকাঠামো, কর্মসংস্থান, জ্বালানি নিরাপত্তা ও সহনশীল জনগোষ্ঠী গঠনের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল বলেন, জীবাশ্ম জ্বালানির মূল্যবাজারে অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে। এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে এবং মূল্যস্ফীতিতে। 

তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি ইতোমধ্যে বাস্তব অর্থনৈতিক সুবিধা দিচ্ছে। চলতি বছরের প্রথম ছয় মাসেই বিশ্বব্যাপী নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ফলে ২৬৫ বিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে বলে তিনি উল্লেখ করেন। জলবায়ু অভিযোজনেও বিনিয়োগের ইতিবাচক সুফল রয়েছে। স্টিয়েলের মতে, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে দরিদ্র ও ঝু ঁকিপূর্ণ জনগোষ্ঠীকে। তাই এবারের সম্মেলনে আলোচনা ও কর্মপরিকল্পনা—উভয় ক্ষেত্রেই বাস্তব সমাধানকে অগ্রাধিকার দিতে হবে। প্রথম দিনের আলোচনায় খাদ্য, কৃষি ও স্বাস্থ্য কপ-৩১-এর প্রথম দিনের মূল প্রতিপাদ্য ছিল খাদ্য, কৃষি ও স্বাস্থ্য। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি উৎপাদন, খাদ্য সরবরাহ, পানির প্রাপ্যতা এবং মানুষের স্বাস্থ্যের ওপর যে ঝুঁকি তৈরি হচ্ছে, তা মোকাবিলায় বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা আলোচনা করেন। বিশেষ করে কৃষিতে জলবায়ু সহনশীল প্রযুক্তি, দক্ষ সেচব্যবস্থা, খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, গ্রামীণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। সম্মেলনে সুপার এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়েও উদ্বেগ তুলে ধরা হয়। এর ফলে বিশ্বজুড়ে প্রায় পাঁচ কোটি অতিরিক্ত মানুষ তীব্র খাদ্যসংকটে পড়তে পারে বলে আলোচনায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এদিন তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় ‘আনতালিয়া ইনিশিয়েটিভ ফর রেজিলিয়েন্ট হেলথ সিস্টেমস’ (এআইআর) উদ্যোগের সূচনা করা হয়। এর লক্ষ্য জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বিভিন্ন দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও সক্ষম করে তোলা। নারী কৃষকদের জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার, কৃষিতে নারীর ভূমিকা এবং তরুণদের অংশগ্রহণ নিয়েও পৃথক উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়। 

এ ছাড়া শিশু ও তরুণদের জন্য নতুন ‘চিলড্রেন অ্যান্ড ইয়ুথ প্যাভিলিয়ন’ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ কী করছে, কী চাইছে: কপ-৩১-এর প্রথম দিনেই বাংলাদেশের অবস্থান ও প্রস্তুতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রথম দিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য বা আনুষ্ঠানিক উচ্চপর্যায়ের অংশগ্রহণ হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ নভেম্বর তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন এবং ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের বক্তব্য তুলে ধরবেন। পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী ৯ নভেম্বর ঢাকায় এক সংবাদ ব্রিফিংয়ে জানান, জলবায়ু ন্যায্যতা, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা হবে বাংলাদেশের বক্তব্যের প্রধান বিষয়।

তিনি বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ। অথচ জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ঝু ঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এ বাস্তবতায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থায়নের কার্যকর বাস্তবায়ন এবং অভিযোজন খাতে অর্থায়ন বাড়ানো বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার। বাংলাদেশের বিশেষ দাবি থাকবে ঋণ নয়, অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা। কারণ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর তুলনায় বাংলাদেশের দায় অত্যন্ত সামান্য। অথচ ক্ষয়ক্ষতি মোকাবিলায় নতুন ঋণের বোঝা বহন করতে হচ্ছে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে। 

এ ছাড়া লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের কার্যকর বাস্তবায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষার বিষয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে। পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন গতকাল আনতালিয়ায় বলেছেন, কপ৩১ সম্মেলনে বাংলাদেশের প্রধান দাবি হচ্ছে ঋণনির্ভর নয়, বরং অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় লস এ্যান্ড ড্যামেজ ফান্ডের কার্যকর ব্যবহার, উন্নত দেশগুলোর দায়বদ্ধতা এবং জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরবে বাংলাদেশ।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে তুলনামূলকভাবে কম দায়ী হলেও বাংলাদেশসহ উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে। অথচ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এসব দেশকে নতুন করে ঋণের বোঝা বহন করতে হচ্ছে। এটি কোনোভাবেই ন্যায়সংগত হতে পারে না। যেসব দেশ দীর্ঘদিন ধরে অধিক পরিমাণে কার্বন নিঃসরণ করে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে, জলবায়ু সংকট মোকাবিলায় তাদেরই অধিক দায়িত্ব নিতে হবে। 

মন্ত্রী আরও বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার কপ-৩১ সম্মেলন থেকে বাংলাদেশ বেশি জলবায়ু অর্থায়ন পাওয়ার প্রত্যাশা করছে। বিশেষ করে অভিযোজন, দুর্যোগ মোকাবিলা, উপকূলীয় সুরক্ষা, কৃষি ও পানিসম্পদ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর বিষয়ে বাংলাদেশ জোর দেবে। শুধু অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি নয়, সেই অর্থ যাতে দ্রুত, সহজ শর্তে এবং সরাসরি ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। জলবায়ু অর্থায়নের নামে নতুন ঋণনির্ভরতা তৈরি না করে অনুদানভিত্তিক সহায়তা বাড়ানো প্রয়োজন। 

তিনি বলেন, বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন কোনো দয়া বা অনুগ্রহ নয়; এটি ন্যায্য অধিকার। আন্তর্জাতিক সম্প্রদায়কে সেই দায়িত্ব স্বীকার করে বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক প্রতিশ্রুতি বাস্তবে কার্যকর না হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মানুষের জীবন, জীবিকা, খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতি আরও বেশি ঝুঁকির মধ্যে পড়বে। পাটের সম্ভাবনা তুলে ধরবে বাংলাদেশ:এবারের সম্মেলনে বাংলাদেশের অন্যতম বিশেষ উদ্যোগ হচ্ছে গ্রিন জোনে পাটের প্যাভিলিয়ন স্থাপন। সেখানে পাট ও পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের সম্ভাবনা তুলে ধরা হবে। এ বিষয়ে তুরস্কের সঙ্গে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার এবং প্রচার নিয়ে একটি যৌথ ঘোষণা দেওয়ার উদ্যোগ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব। 

এ ছাড়া বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ১২ ও ১৩ নভেম্বর ব্লু জোনে দুটি সাইড ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথমটিতে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের নারীদের লিঙ্গভিত্তিক ঝুঁকি ও সংকট তুলে ধরা হবে। দ্বিতীয়টিতে পরিবেশবান্ধব, পচনশীল এবং বর্জ্যহীন পাটজাত পণ্যের ব্যবহার সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। বাস্তবায়নের পরীক্ষা: কপ-৩১-এর প্রথম দিনের আলোচনায় একটি বিষয় স্পষ্ট হয়েছে-বিশ্বের জলবায়ু সংকট মোকাবিলায় আর শুধু প্রতিশ্রুতি যথেষ্ট নয়। প্রয়োজন অর্থায়ন, প্রযুক্তি, বিনিয়োগ এবং সময়মতো বাস্তব পদক্ষেপ। বাংলাদেশের জন্যও এবারের সম্মেলন কেবল আন্তর্জাতিক আলোচনায় অংশ নেওয়ার বিষয় নয়; বরং জলবায়ু বিপন্ন জনগোষ্ঠীর জন্য কার্যকর অর্থায়ন, ক্ষয়ক্ষতির স্বীকৃতি এবং উন্নত দেশগুলোর দায়বদ্ধতা আদায়ের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুযোগ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ১২ নভেম্বরের বক্তব্য এবং বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো আন্তর্জাতিক আলোচনায় কতটা গুরুত্ব পায়, সেটিই এখন দেখার বিষয়।