দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৫৮ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন দেশের কোথাও কোথাও বৃষ্টির পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রাও কমতে পারে। একই সঙ্গে আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আরও পড়ুন: সারাদেশে কমতে পারে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে উত্তরের রাতের তাপমাত্রা কমতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: ৩ বিভাগে বৃষ্টির আভাস

শুক্রবার (১৩ নভেম্বর) এবং শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ দুই দিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর ফলে পরবর্তী সময়ে দেশের আবহাওয়ায় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।