সোমবার বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:২০ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল সোমবার (৯ নভেম্বর)। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশনের কার্যক্রম শুরু হবে।

সংবিধান অনুযায়ী, সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করতে হয়। সে হিসেবে এবারের অধিবেশন মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণের জন্য আহ্বান করা হয়েছে। গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

আরও পড়ুন: মালয়েশিয়ায় কর্মী নিয়োগ: লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশন পরিচালনার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস এ অধিবেশন চলতে পারে।

এ বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি রোববার যুগান্তরকে বলেন, এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে। এতে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপিত হতে পারে। এসব বিলের ওপর আলোচনা হবে। আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় বর্তমান অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে।

আরও পড়ুন: প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন সরকারের উচ্চপদস্থ ৩৪ কর্মকর্তা

তিনি আরও জানান, অধিবেশনে প্রশ্নোত্তর, জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং সাধারণ আলোচনার বিষয়গুলোও থাকবে।

সংসদের স্বাভাবিক রীতি অনুযায়ী, প্রতিবছর জানুয়ারি মাসে বছরের প্রথম অধিবেশন বসে। সে অনুযায়ী, আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে ২০২৭ সালের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। রীতি অনুযায়ী, ওই অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে ভাষণ দেবেন। পরে তাঁর ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেবেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা।

খোঁজ নিয়ে জানা গেছে, পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরেও বিরোধী দলের পক্ষ থেকে চলমান ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে সাধারণ আলোচনার প্রস্তাব দেওয়া হলে তা নিয়ে আলোচনার জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করা হতে পারে।

তবে বহুল আলোচিত সংবিধান সংশোধনের প্রস্তাব এবারের অধিবেশনে উত্থাপিত হচ্ছে না। এ বিষয়ে প্রস্তাব তৈরির কাজ করছে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি। আগামী জানুয়ারিতে সংসদের পঞ্চম অধিবেশনে প্রস্তাবটি উপস্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় গত ১২ মার্চ। ২৫ কার্যদিবস চলার পর ৩০ এপ্রিল ওই অধিবেশন শেষ হয়। এ সংসদের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে ২০৩১ সালের ১১ মার্চ।