মালিবাগে সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ
রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, সিআইডি ও এসবির প্রধান কার্যালয় প্রাঙ্গণে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। ককটেলটি ভেতরে পার্কিং করে রাখা একটি গাড়ির বনেটের ওপর পড়ে বিস্ফোরিত হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন দিল দুর্বৃত্তরা
ঘটনার পর সিআইডি কার্যালয়ে মতিঝিল বিভাগের ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তা, সিআইডি ও এসবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন।
এ সময় সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
আরও পড়ুন: ডিএসসিসির ২৯ ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে চিরুনি অভিযান শুরু





