হলুদ সাজে বসন্তের আবহ ছড়ালেন তটিনী
কার্তিকের মিষ্টি রোদে যখন শীতের আগমনী বার্তা, তখন হলুদ পোশাকে বসন্তের আবহ ছড়ালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। হালকা সাজ, স্নিগ্ধ হাসি আর হাতে ফুল—সব মিলিয়ে তার ছবিগুলোতে ফুটে উঠেছে এক মায়াবী সৌন্দর্য। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিগুলো নজর কেড়েছে ভক্তদের। অভিনেত্রীর হাসি ও মুগ্ধতা ছড়ানো উপস্থিতিতে মজেছেন অনুরাগীরা।
প্রকাশিত ছবির একটিতে হলুদ পোশাকে আঙুল মুখের কাছে রেখে মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন তটিনী। অন্য একটি ছবিতে তার স্নিগ্ধ হাসি আলাদাভাবে নজর কেড়েছে। ছবির মন্তব্যের ঘরে এক ভক্ত লিখেছেন, ‘তটিনীর হাসিতে যেন মুক্তা ঝরে।’ আরেকটি ছবিতে উড়ন্ত আঁচলে ভিন্ন এক ভঙ্গিতে ক্যামেরাবন্দী হয়েছেন এই অভিনেত্রী।
আরও পড়ুন: তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা
হাতে ফুল নিয়ে তোলা ছবিটিও প্রশংসা কুড়িয়েছে। যদিও ফুলটি কাকে উপহার দেবেন, সে বিষয়ে কিছু জানাননি তটিনী। তবে এক ভক্তের মন্তব্য, ফুল যেন তার হাতেই বেশি শোভা পায়। লাজুক ভঙ্গিতে তোলা আরেকটি ছবিতে তাকে দেখে এক অনুরাগী লিখেছেন, ‘ওহে হলদে পরি।’ অন্য একটি ছবিতে দুই পাশে ছড়িয়ে থাকা চুলের সঙ্গে কানের পাশে ফুল গুঁজে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। সেই ছবির মন্তব্যে আরেক ভক্ত লিখেছেন, ‘তুমি আমার প্রথম ভালোবাসা।’
ছবিগুলো কোনো নাটকের শুটিংয়ের ফাঁকে তোলা কি না, তা স্পষ্ট করেননি অভিনেত্রী। তবে তার সাজ ও উপস্থিতি দেখে ভক্তদের কেউ কেউ ধারণা করছেন, গায়েহলুদের কোনো দৃশ্যের জন্যই হয়তো এমন আয়োজন। সব মিলিয়ে হলুদ পোশাকে তটিনীর এই স্নিগ্ধ উপস্থিতি সামাজিক মাধ্যমে তৈরি করেছে বাড়তি আগ্রহ।
আরও পড়ুন: হুমায়ূন আহমেদের বই পড়ে মুগ্ধ অনুপম রায়
বরিশালে জন্ম নেওয়া তানজিম সাইয়ারা তটিনীর জন্ম ২০০০ সালের ২৪ আগস্ট। সেখানেই তার বেড়ে ওঠা এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনা। পরে ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেন তিনি। ২০১৯ সালে বিজ্ঞাপনচিত্রে কাজের মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন তটিনী। ২০২২ সাল থেকে অভিনয়ে নিয়মিত হন তিনি।
এর আগে সামাজিক মাধ্যমে নিজের একটি ছবি প্রকাশ করে তটিনী লিখেছিলেন, ‘রোদ্দুর না হয়েই একটু আলো ছড়ালাম।’ তার সাম্প্রতিক ছবিগুলোর স্নিগ্ধ আবহের সঙ্গে কথাটি যেন বেশ মানিয়ে যায়। পর্দায়ও সংযত ও স্বাভাবিক অভিনয়ের মাধ্যমে দর্শকের মনোযোগ আকর্ষণ করে আসছেন এই অভিনেত্রী।
চরকির অ্যান্থলজি ফিল্ম ‘এই মুহূর্তে’র ‘কল্পনা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে ওটিটিতে অভিষেক হয় তটিনীর। অন্যদিকে ‘শারদ প্রাতে’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় যাত্রা শুরু করেন তিনি। তবে সাকিব ফাহাদের পরিচালনায় ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘সময় সব জানে’ তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ সংযোজন। এই নাটকে অভিনয়ের জন্য ২০২৩ সালের মেরিল-প্রথম আলো পুরস্কারে সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পান তিনি।
এরপর ‘লাভ সাব’ নাটকে অভিনয়ের জন্য ২০২৪ সালেও মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা অভিনেত্রীর স্বীকৃতি অর্জন করেন তটিনী। দীপ্ত অ্যাওয়ার্ডসহ আরও কয়েকটি পুরস্কার রয়েছে তার ঝুলিতে। রোমান্টিক নাটকে পরিচিতি পেলেও অভিনয়ের পরিধি বাড়িয়েছেন ওটিটির ক্রাইম থ্রিলারেও। ‘তকদীর’ ওয়েব সিরিজে একজন সাংবাদিকের ছোট চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। এ ছাড়া পিপলু আর খানের চলচ্চিত্র ‘জয়া আর শারমীন’-এর মাধ্যমে বড় পর্দায়ও অভিষেক হয়েছে এই অভিনেত্রীর।





