হুমায়ূন আহমেদের বই পড়ে মুগ্ধ অনুপম রায়
বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। তাঁর লেখনীতে মুগ্ধ দুই বাংলার অসংখ্য পাঠক। বাংলাদেশে তাঁর জনপ্রিয়তা যেমন আকাশচুম্বী, তেমনি ভারতের পশ্চিমবঙ্গেও রয়েছে তাঁর বিপুল পাঠকপ্রিয়তা। এবার হুমায়ূন আহমেদের লেখার প্রতি নিজের ভালো লাগার কথা জানালেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়।
সম্প্রতি হুমায়ূন আহমেদের লেখা ‘নলিনী বাবু বিএসসি’ বইটি পড়েছেন অনুপম। বইটি পড়ে মুগ্ধতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন: তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা
বইটি নিয়ে নিজের অনুভূতি জানিয়ে অনুপম লিখেছেন, ‘হুমায়ূন আহমেদের লেখা পড়তে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। সদ্য শেষ করলাম “নলিনী বাবু বিএসসি”। আরও একটা আশ্চর্য গল্প!’
হুমায়ূন আহমেদের লেখার প্রশংসা করে এই সংগীতশিল্পী আরও লিখেছেন, ‘তার লেখার সঙ্গে এক গভীর আত্মীয়তা অনুভব করি। পৃথিবীটাকে দেখার তার দৃষ্টিভঙ্গি, অসাধারণ রসবোধ, আর বিজ্ঞান-কল্পবিজ্ঞানের অনায়াস মেলবন্ধন বারবার মুগ্ধ করে।’
আরও পড়ুন: হলুদ সাজে বসন্তের আবহ ছড়ালেন তটিনী
গল্পটি পড়ার পর নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে অনুপম বলেন, এটি একই সঙ্গে মন ভালো করে দেয়, আবার মন খারাপও করায়। তাঁর মতে, হুমায়ূন আহমেদের লেখা পড়লে বাংলা ও বাংলা ভাষার প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়।
অনুপমের এই পোস্টে অনেক পাঠকও নিজেদের ভালো লাগার কথা জানিয়েছেন। মন্তব্যের ঘরে কেউ কেউ হুমায়ূন আহমেদের প্রিয় বইয়ের নাম উল্লেখ করেছেন। তাঁদের প্রত্যাশা, সেসব বইও একসময় পড়ে দেখবেন এই সংগীতশিল্পী।
উল্লেখ্য, অনুপম রায় সংগীতশিল্পী হিসেবে পরিচিত হলেও লেখালেখিতেও রয়েছে তাঁর আগ্রহ। তাঁর লেখা একাধিক বই প্রকাশিত হয়েছে। পাশাপাশি গীতিকার ও সুরকার হিসেবেও সমাদৃত তিনি। নিজের গাওয়া অধিকাংশ গানের কথা নিজেই লিখেছেন এই শিল্পী।





