উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
জামায়াত নেতা আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত
কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের ছেলে শাহরিয়ার জামান (৪০)। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা আহত শাহরিয়ারকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।
আরও পড়ুন: আটগ্রাম নালুহাটিতে ৫০ মিটার বেড়িবাঁধ ধস, শুকনো মৌসুমেই সংস্কারের দাবি স্থানীয়দের
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার জানান, শাহরিয়ার জামানের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গভীর ক্ষত হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল ছিল। তবে সম্ভাব্য জটিলতা এড়াতে তাঁকে রাজধানীর উন্নত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন জানান, বুধবার রাতে ব্যক্তিগত কাজে গচিহাটা বাজারে গিয়েছিলেন তাঁর ছেলে। সেখানে পৌঁছানোর পরপরই একদল দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করে ছেলের চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন।
আরও পড়ুন: উলিপুরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তিনি নিজেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
হামলার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু করেছে পুলিশ।





